২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় অপ্রত্যাশিত: আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে অসন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মানবতাবিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেয়া হয় বলে জানায় ট্রাইব্যুনাল।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ রায়ের প্রতিক্রিয়ায় মাহাবুব-উল আলম হানিফ বলেন, জাতি এ ধরনের রায় প্রত্যাশা করেনি।

“আওয়ামী লীগসহ ১৪ দল এবং সমগ্র জাতি মনে করে, প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। জাতি প্রত্যাশা করেছিল, যে ব্যক্তি নির্মম হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার সর্বোচ্চ শাস্তি হবে।”

অ্যাটর্নি জেনারেল এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “এর মধ্যে দিয়ে তার সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা মনে করি।”

আদালতের প্রতি সম্মান রেখে এই রায় নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ছাত্রলীগের অসন্তোষ

রায়ে অসন্তোষ জানিয়ে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জমান সাংবাদিকদের বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আশা করি, ট্রাইব্যুনাল এ রায় পুনর্মূল্যায়ন করবে।”

জামায়াত-শিবিরের গত দুই দিনের কর্মকাণ্ডের জন্য ট্রাইব্যুনাল যাবজ্জীবন দণ্ড দিয়ে থাকলে জনগণকে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “জাতি এ রায়ে সন্তুষ্ট হতে পারে না। যুদ্ধাপরাধীদের ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত জাতি শান্তি পাবে না।”

ট্রাইব্যুনালের রায়ের পর আনন্দ মিছিল করার প্রত্যাশা নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হয় সরকার সমর্থক এই সংগঠনের নেতা-কর্মীরা।

পরে আনন্দ মিছিল না করলেও হরতালবিরোধী মিছিল নিয়ে দোয়েল চত্বরে গিয়ে সমাবেশ করে তারা।