‘জামায়াত-শিবিরকে নিয়ে সরকারের নীতি কী’
জামায়াত-শিবির নিয়ে সরকারের নীতি কী- তা জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি চেয়েছেন জাসদের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল।
সংসদের রোববারের অধিবেশেন অনির্ধারিত আলোচনায় তিনি এই প্রশ্ন তোলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কেউই তখন সংসদে ছিলেন না।
মইনুদ্দিন খান বলেন, “কতিপয় দুষ্কৃতকারী-দেশদ্রোহী পুলিশকে রাস্তায় ফেলে প্রচণ্ড মারছে, পড়ে যাওয়ার পরেও মারছে। চেলাকাঠ দিয়ে মারছে।
“জামায়াতের অপৎপরতা সম্পর্কে জেনেও তাদের ওয়াকওভার দেয়া হল। এরা বুক ফুলিয়ে ঢাকা শহরে মিছিল করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাছ থেকে বিবৃতি চাই। পলিসি কী?”
যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবিতে গত কিছুদিন ধরে বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা চালাচ্ছে জামায়াত-শিবিরকর্মীরা।
শনিবারও নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরকর্মীদের হামলায় আহত হন পাঁচ পুলিশ সদস্য।
জামায়াত-শিবির ট্রাইব্যুনালকে অমান্য করছে অভিযোগ করে জাসদ নেতা বলেন, “মারামারি করতে পারলে, আগুন দিতে পারলে...পলিসি উইল বি চেঞ্জড?”
“আই ওয়ান্ট টু নো গভর্মেন্ট পলিসি। কেন তারা (পুলিশ) মার খাবে? পত্রিকায় এসব ছবি ছাপানো হচ্ছে।”
সংবাদপত্রে প্রকাশিত পুলিশের মার খাওয়ার ছবি দেখিয়ে মইনুদ্দীন খান সংসদে উপস্থিত তথ্যমন্ত্রী এবং তার দলের নেতা হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে বলেন, “এর মধ্য দিয়ে রাষ্ট্রশক্তিকে অপমানিত করছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হোক।”
