আমানের জামিন, দেওয়ান সালাউদ্দিন কারাগারে
দ্রুত বিচার আইনে করা একটি মামলায় রোববার জামিন পেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান।
একই মামলার আসামি সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে সাভার থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে।
এই মামলায় জামিনের আবেদন নিয়ে রোববার আমান ও বাবুসহ ১৪ জন ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে বলেন, ‘মিথ্যা’ মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদের। রাজনৈতিকভাবে হয়রানির জন্য এই মামলা করা হয়েছে।
এই আসামিরা হাই কোর্ট থেকে ইতোপূর্বে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন জানিয়ে তাদের জামিনের আবেদন করেন আইনজীবীরা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার কবির বাবুল বলেন, আসামিরা সবাই ঘটনার সঙ্গে জড়িত। এরা সবাই এজাহারভুক্ত আসামি। এদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হোক।
এরপর আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল আমানকে জামিন দেন। অন্য ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
