২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার দিনগুলোতে হরতাল না দেয়ার আহ্বান

এসএসসি পরীক্ষার দিনগুলোতে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালনে ‘দায়িত্বশীল’ হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 08:19 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

রোববার সকালে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো যথেষ্ট বিবেচনাপ্রসূত কাজ করবে বলে আমি মনে করি। ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতামূলক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই।”

দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারা এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে  এক যোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

প্রথম দিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

এ বছর দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং হাত নেই- এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।

৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।