‘জামায়াতেই দিশাহারা সরকার’
জামায়াতে ইসলামীর আন্দোলনেই সরকার ‘দিশাহারা’ হয়ে পড়েছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিও জোরদার আন্দোলনে নামছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন বিরোধীদলীয় প্রধান হুইপ।
ফারুক বলেন, “জামায়াতে ইসলামীর হালকা আন্দোলনই সরকার থামাতে পারছেন না। আর বিএনপির আন্দোলন শুরু হলে তারা তো টিকতে পারবে না।”
যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপির জোটশরিক জামায়াত। এই সব কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলাও হচ্ছে।
সরকার বিরোধিতা সহ্য করতে পারছে না দাবি করে ফারুক বলেন, “সরকার এলিট ফোর্স দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। দেশের বর্তমান নৈরাজ্যকর ও অস্থিতিশী পরিবেশ সৃষ্টির জন্য তারাই দায়ী।”
“সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, কারাগার ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে নির্দলীয় সরকারের চলমান আন্দোলন দমানো যাবে না।,” হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় সংসদে ‘একদলীয়’ করে ফেলা হয়েছে অভিযোগ করে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, “কোটি কোটি টাকা অপচয় করে সরকারি দল সংসদে বিরোধী দলের নেতাসহ তার পরিবারের বিরুদ্ধে অবিরামভাবে গালাগালি করে যাচ্ছে। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন।”
ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার প্রকাশিত নিবন্ধ ‘রাষ্ট্রদ্রোহসম’- সরকারি দলের নেতাদের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ওই নিবন্ধে বিরোধীদলীয় নেতা দেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সরকারি দলের মন্ত্রী-সাংসদদের বলব, বিরোধীদলীয় নেতর বিরুদ্ধে নয়, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করুন।”
সৈয়দ আবুল হোসেনের ‘কারণেই’ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ আসেনি দাবি করে ফারুক বলেন, “দুর্নীতির অপবাদ আড়াল করতেই সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করেছে। দেশের জনগণ বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর ঘরেও পদ্মা সেতুর প্রকল্পের দুর্নীতির টাকা রয়েছে। সে কারণে আবুল হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়নি।”
জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের মুক্তি এবং যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান প্রচার সম্পাদক ফারুক।
ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, এবিএম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
