‘এতো কাছে তো বাবাকে চাইনি’
সরকারি চাকরির কারণে সন্তানদের সময় দিতে পারেননি। তাই কথা দিয়েছিলেন এলপিআরে যাওয়ার পর বাড়িতেই থাকবেন।
বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন জহুরুল। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
জহুরুলের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফেরদৌসী কান্না কন্ঠে সাংবাদিকদের বলে, “চাকরি করে বলে বাবাকে বাড়িতে খুব একটা কাছে পেতাম না। বাবা কথা দিয়েছিল, এখন থেকে সব সময় তাকে কাছে পাব। মার্চেই তিনি বাড়ি চলে আসবেন। কিন্তু এ রকম কাছে তো বাবাকে চাইনি আমরা।”
গত মঙ্গলবারই নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের বাড়ি থেকে চাকরিস্থলে যান জহুরুল। এই বাড়িটি তিনি করেছিলেন চার বছর আগে। তার পৈত্রিক বাড়ি সদর উপজেলার কামালপোতাপ গ্রামে।
১৯৮১ সালে জহুরুল পুলিশে যোগ দেন। দুই ছেলে, এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছিল তার সংসার। বড় ছেলে কাজী জসিম উদ্দিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন, ছোট ছেলে কাজী সেলিম উদ্দিন স্থানীয় একটি কলেজে আর মেয়ে ফেরদৌসী পড়ে স্থানীয় একটি স্কুলে।
মনিরামপুর থেকে বেতন নিয়ে ফেব্রুয়ারির প্রথমেই বাড়ি ফিরে আসার কথা ছিল জহুরুলের। ইতোমধ্যে তার এলপিআরের (লাস্ট পেমেন্ট রিসিভ) আবেদনও অনুমোদন হয়ে গিয়েছিল।
জহুরুলের মৃত্যুর খবর শোনার পর থেকে বাড়িতে তার স্ত্রী, কন্যা আর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় জহুরুলের স্ত্রী হেনা খাতুন।
হেনা খাতুন বিলাপ করে বলছিলেন, “মঙ্গলবারই তিনি বাড়ি থেকে গিয়েছেন। বেতন নিয়ে বাড়ি আসার কথা ছিল। ছেলেমেয়েরা সবাই এখনও পড়াশুনা করছে। এত খরচ আমি সামলাবো কী করে?”
