‘সরকারে একদলীয় শাসনের প্রেতাত্মা ভর করছে’
মহাজোট সরকারে ‘একদলীয় শাসনের প্রেতাত্মা’ ভর করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।
মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির এই সদস্য
বলেন, “সরকার ইচ্ছাকৃতভাবে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করে দেশে একদলীয় নির্বাচন করতে চায়।
প্রধানমন্ত্রী দম্ভ করে বলছেন, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। অবস্থাটা এমন যে, শুধু তিনি আর তার মামুরা নির্বাচন করবেন।”
গত রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “কেউ নির্বাচনে আসলো কি আসলো না, তা বড় কথা নয়।”
তরিকুল সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।
তিনি মহাজোটের শরিকদের প্রতি ইংগিত করে বলেন, সরকারের সময় যত ঘনিয়ে আসছে, জোটের শরিকরা ‘মুখ খুলতে’ শুরু করেছে। এরশাদ সাহেবও সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন।
“আবার এক-এগারো হলে তিনি (এরশাদ) সমর্থন জানাবেন। অর্থাৎ উনিও জোটে থাকতে চাচ্ছেন না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে কারাবন্দি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
গত ৯ ডিসেম্বর দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচির দিন সন্ধ্যায় নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ ফখরুলকে গ্রেপ্তার করে। রাজপথ অবরোধের দিন সিটি করপোরেশনের ময়লা-আবর্জনার গাড়ি পোঁড়ানোসহ দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সরকারের কথিত দমননীতির কঠোর সমালোচনা করে তরিকুল অভিযোগ করেন, বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন চলছে। ন্যায়ের পক্ষে কথা বললে হামলা করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত গুপ্ত হত্যা হচ্ছে।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, শেষ বছরে এসে সরকার নাভার্স হয়ে গেছে। তারা ‘আবোল-তাবোল’ কথা বলছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিগত চার দলীয় জোট সরকারকে দিন তারিখ ঠিক করে আওয়ামী লীগের ওই সময়কার সাধারণ সম্পাদক আবদুল জলিল ‘ফেলে দেয়ার’ ঘোষণা দিয়েছিলেন।
“কিন্তু খালেদা জিয়ার সরকার গণতান্ত্রিক ছিলো বলে, জলিল সাহেবকে গ্রেপ্তার করেনি। কিন্তু বর্তমান সরকার একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে।”
মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কয়েকটি ‘মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে আটকে রেখেছে।
“ইনশাল্লাহ আগামী সাপ্তাহে আমাদের মহাসচিব আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বেরিয়ে আসবেন।”
এম কে আনোয়ার বলেন, আন্দেলন করতে হলে শুধু মিছিল-মিটিং করলে হবে না। এখন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
গয়েশ্বর চন্ত্র বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ উপহাস করে। আমাদের মধুর কণ্ঠ দিয়ে কথা বললে চলবে না। হাত চালাতে হবে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভাপতির বক্তব্যে মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা মহানগরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বৃহত্তর আন্দোলনে ঢাকা শহরের জীবনযাত্রা এমনভাবে বিপর্যস্ত করা হবে, যাতে আওয়ামী লীগের ‘মাস্তানরা’ পালিয়ে যেতে না পারে।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সরফত আলী সপু, মহিলা দল সভানেত্রী নুরী আরা সাফা, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
