ফখরুলের এক মামলার অভিযোগ গঠন পিছিয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।
মঙ্গলবার শুনানির নির্ধারিত দিনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং বিরোধী দলের আট সংসদ সদস্য সময়ের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ১০ মার্চ শুনানির নতুন তারিখ ঠিক করেন।
Police arrest BNP Acting Secretary General Mirza Fakhrul Islam Alamgir in front of the BNP's central office in Naya Paltan on Monday evening. Photo: mustafiz mamun/ bdnews24.com/ Dhaka, Dec 10, 2012
এর আগে গত ১ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও এ মামলার আসামি বিরোধী দলের আট সাংসদের সময়ের আবেদনে তা পিছিয়ে ২৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। তার আগেও দুই দফা পেছানো হয় শুনানির সময়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় মামলা করে পুলিশ।
এ মামলায় পুলিশ গত ৩১ মে বিরোধী দলের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
ফখরুল এই মামলায় কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পেলেও গত ১০ ডিসেম্বর তিনি আবার গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
