‘ফের একদলীয় শাসন আনার ষড়যন্ত্র হচ্ছে’
দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে ক্ষমতাসীনরা দেশে ‘একদলীয়’ শাসন আনার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বর্তমান সরকারের সঙ্গে বাকশালের তুলনা করে ফারুক বলেন, “শেখ মুজিবুর রহমান (যেভাবে) দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, সেই পথ ধরে বর্তমান সরকারও একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে।”
তিনি সরকারকে হুঁশিয়ার করেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন করব- এ রকম বাঘের গর্জন দিয়ে কোনো লাভ হবে না। অতীতে টিক্কা খান এবং এরশাদও এরকম গর্জন দিয়েছিল। তারা টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।”
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের অংশ হিসাবে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে।
বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ওই নির্বাচনে অংশ নেবে না। এর পরিণতি ভালো হবে না।’’
তবে আসন্ন অধিবেশনে নির্দলীয় সরকারের বিল আনার নিশ্চয়তা পেলে বিএনপি সংসদে ফিরতে পারে মন্তব্য করে ফারুক বলেন, “তা না হলে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট ফেব্রুয়ারিতে আন্দোলন জোরদার করবে। সেই আন্দোলনে সরকার টিকে থাকতে পারবে না।”
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি ও সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান মানববন্ধনে বক্তব্য দেন।
