জিয়া ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন ফের পেছাল
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ মার্চ নতুন দিন রেখেছে ঢাকার আদালত।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং আগামী ৩১ মার্চ তার শুনানির দিন রয়েছে। তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো প্রয়োজন।
তাদের আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ৩ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন রাখেন।
এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে বেশ কয়েকবার তারিখ রাখা হলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। সর্বশেষ ১১ অক্টোবর খালেদা আদালতে হাজির হয়ে আবারো সময়ের আবেদন করেন।
জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান শুরু থেকেই পলাতক।
এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর আর ফেরেননি।
