২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগ’

নির্দলীয় সরকার ব্যবস্থা না ফেরালে নবম সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 07:35 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

সংবিধানের বিধি অনুয়ায়ীই দশম সংসদ নির্বাচন হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের পর বৃহস্পতিবার সকালে এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, আপনার (প্রধানমন্ত্রী) অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। বিএনপি কেবলমাত্র নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে।

“একই সঙ্গে বলতে চাই, নবম সংসদে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে প্রয়োজনে জাতীয় সংসদ থেকে পদত্যাগের বিষয়টি আমরা বিবেচনা করব।”

সরকার সংবিধানের পঞ্চদশ অধিবেশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করায় আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।   

আগামী ২৭ জানুয়ারি বিকালে নবম সংসদের ষোড়শ অধিবেশন বসছে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন।

বিএনপি ও সমমনা দলগুলো সংবিধানের ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।

সংসদে যাওয়ার পূর্বশর্ত হিসেবে নির্দলীয় সরকারের বিল উপস্থাপনের দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার এ বিষয়ে নিশ্চয়তা দিলেই আমরা সংসদে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করব।”

একইসঙ্গে টিপাইমুখে বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য পরিস্থিতি, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার মতো বিষয়ে সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেয়ারও নিশ্চয়তা চান তিনি।

ফারুক অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে বন্দি রেখেছে সরকার।

ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে রেখে বিএনপি সংসদে ফিরবে না বলেও উল্লেখ করেন ফারুক। 

মির্জা ফখরুলের মুক্তির দাবি এবং সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বাড়িতে ‘হামলার’ প্রতিবাদেই ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, দেশকে নৈরাজ্য ও সহিংসতার দিকে ঠেলে দেবেন না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ব্যবস্থা নিন। একতরফা নির্বাচন করা হলে বিএনপিসহ বিরোধী দল তা প্রতিহত করবে।”

তিনি অভিযোগ করেন, পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতি পদক দেয়া হয়েছে ‘দলীয় বিবেচনায়’।

“যারা সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সাফল্য দেখিয়েছেন, তাদের রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়নি। মহানগর ডিসি হারুন অর রশীদকে পদক দেয়া হয়েছে বিরোধী দলীয় প্রধান হুইপকে পেটানোর জন্য। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে এই হারুন অর রশীদের সঙ্গে লালবাগ থানার ওসি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন। সেই ওসিকেও পদক দেয়া হয়েছে।”

জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এ রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক সাংসদ শাহ মুহাম্মদ আবু জাফর, হেলেন জেরিন খান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল শাহজাহান মিলন, সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, হৃদয় বাংলাদেশ এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, অ্যাডভোকেট আবেদ রাজা বক্তব্য রাখেন।