স্বরাষ্ট্রমন্ত্রীর স্থান ‘হেমায়েতপুর’, মন্তব্য ফারুকের
উপ-কমিশনার হারুন-অর রশীদকে পদক দেয়ার সমালোচনা এবার নিজেই করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যাকে পেটানোর অভিযোগ ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
হারুনকে পুরস্কার দেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
বুধবার কুমিল্লার চান্দিনায় এক সমাবেশে তিনি বলেন, “তিনি পাগলের মতো উক্তি করেছেন, তাকে ‘হেমায়েতপুর’ পাঠানো উচিত।”
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চান্দিনায় ১৮ দলের পথসভায় বক্তব্য রাখেন ফারুক।
একদিন আগেই পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ দেয়া হয় হারুনকে। দেড় বছর আগে সংসদ ভবনের সামনে সংসদ সদস্য ফারুককে পিটিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
হারুনকে পদকের জন্য মনোনীত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওই বিশেষ ঘটনাটি [ফারুককে মারধর] বিবেচিত হয়েছে।”
জয়নুল আবদিন ফারুকের কলার ধরে পেছন থেকে টানছেন পুলিশ কর্মকর্তা হারুণ-অর রশীদ। ২০১২ সালের ছবি।
সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
এই দাবিতে চান্দিনায় গণসংযোগ ও প্রচারপত্র বিলিতে কেন্দ্রীয় নেতা ফারুকের সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম, সহসভাপতি মফিজ উদ্দীন ভূঁইয়া, এ বি এম সিরাজুল ইসলাম, চান্দিনার পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান ও উপজেলা যুবদল সভাপতি কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
