২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নীরবতা দুরভিসন্ধিমূলক: হানিফ

যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির নীরবতা ‘দুরভিসন্ধিমূলক’ বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, “বিএনপির এই নীরবতা ‘দুরভিসন্ধিমূলক’। আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায়ে যুদ্ধাপরাধীদের আপনজন বিএনপি শোকাহত। এ জন্যই তারা নীরব রয়েছে।”

পাশাপাশি রায়ের পর বিএনপি নেতা তরিকুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

‘বাচ্চু রাজাকারের’ ফাঁসির রায়ের পর বিএনপি নেতা তরিকুল ইসলামের বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা ও দলটির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

একই সঙ্গে প্রথমবারের মতো যুদ্ধাপরাধের রায়ের পর দলটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না দেয়াকে ‘দূরভিসন্ধিমূলক’ বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বাচ্চু রাজাকারের’ ফাঁসির আদেশের পর মঙ্গলবার এক আলোচনা সভায় তরিকুল বলেন, রাজনৈতিক অভিলাষ নিয়ে শুধু একটি চিহ্নিত বিরোধী দলের নেতাদের শায়েস্তা করার জন্য বিচার করলে জনগণ তা মেনে নেবে না।

তার ওই বক্তব্যের জবাবে হানিফ বলেন, “বিএনপি মুখপাত্রের এ বক্তব্যের মাধ্যমে শহীদদের অবমাননা করা হয়েছে। এর মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ (প্রকাশ) পেয়েছে। যার মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না, কখনোই চায়নি।”

আওয়ামী লীগের গত সোমবারের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে সোমবারের ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ছাত্রলীগের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, “ছাত্রলীগ আওয়ামী লীগের কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। তবু ছাত্র সংগঠনের নামে যখনই কোথাও কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবে না।”

বিভিন্ন সময় আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বহিষ্কৃত নেতৃবৃন্দকে দলে ফিরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

হানিফ জানান, গত সোমবারের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী দুই মাসের মধ্যে আওয়ামী লীগের জেলা, মহানগর ও উপজেলাসহ সকল পর্যায়ের সম্মেলন শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ জন্য সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের ভূমিকা পালন করবেন। একইসঙ্গে সদস্য সংগ্রহ অভিযানও অব্যাহত রাখতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল বিভাগকে অবিলম্বে স্ব স্ব বিভাগীয় উপ-কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটি আগামী ছয় মাসের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটিগুলো গঠন করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।