২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি দলকে শায়েস্তায় এই বিচার জনগণ মানবে না’

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিএনপির আপত্তি না থাকলেও চলমান বিচার প্রক্রিয়ার লক্ষ্য জামায়াতে ইসলামী বলে মনে করছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ের পরদিন মঙ্গলবার তিনি এক আলোচনা সভায় জামায়াতের নাম উল্লেখ না করে বলেছেন, “রাজনৈতিক অভিলাষ নিয়ে শুধু একটি চিহ্নিত বিরোধী দলের নেতাদের শায়েস্তা করার জন্য বিচার করলে জনগণ তা মেনে নেবে না।”

একজনের রায়ের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে ১১ জনের বিচার এখন চলছে, তার নয়জনই বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতের নেতা।

জামায়াতও বলে আসছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থেকে আওয়ামী লীগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের এই বিচার করছে।

মুক্তিযুদ্ধের পরও দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে দাবি করে তার বিচারও করার দাবি জানান বিএনপি নেতা তরিকুল।

তিনি বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধ হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে এবং বর্তমানেও এই অপরাধ সংঘটিত হচ্ছে। তাই সরকারকে বলব, আসুন, এসব অপরাধের স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করে করে পাপ ও গ্লানি মোচন করি।”

স্বাধীনতার পর দেশের পরিস্থিতি তুলে ধরে তরিকুল বলেন, “মুক্তিযুদ্ধের পর ৪০ হাজার প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও মুক্তিযোদ্ধাকে তৎকালীন সরকারের রক্ষী বাহিনী হত্যা করেছিল। তাদের মা-বাবা ও পরিবারের সদস্যরাও বিচারের জন্য কাঁদছে।”

সর্বহারা নেতা সিরাজ সিকদারের নিহত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “তাকে হত্যার পর সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় সিরাজ সিকদার? তার হত্যার বিচারও আজ পর্যন্ত হয়নি।”

যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল বলেন, “বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল। এই দল কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আমরাও মানবতাবিরোধী অপরাধের বিচার চাই।

“তবে বিচার হতে হবে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানের। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে বিচার করলে জনগণ তা মানবে না।”

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তরিকুল সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার সরকার করছে না- মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা।

তিনি বলেন, “একদিকে প্রধানমন্ত্রী বলছেন, পুলিশ রাজনৈতিক হাতিয়ার নয়। অন্যদিকে যে পুলিশ কর্মকর্তা বিরোধী দলের প্রধান হুইপকে অপমানিত ও লাঞ্ছিত করেছে, তাকে আজ রাষ্ট্রপতির পুলিশ মেডেল দেয়া হয়েছে।

“আমরা সরকারকে বলব, দয়া করে পুলিশ বাহিনীকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করবেন না। তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিন।”

তরিকুল অভিযোগ করেন, পুলিশ বাহিনীতে একটি জেলার সদস্যদের ‘দাপট’ চলছে।

নির্দলীয় সরকারের দাবির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “একদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে, বিশ্বজিত দাসের মতো ছেলে রাজপথে ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হচ্ছে। অন্যদিকে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেয়া হচ্ছে।

“সরকারের এরকম দলীয় চিন্তার কারণে জনমনে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এজন্য আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় সরকারের দাবি করছি।”

সরকারের সাফল্য নিয়ে মন্ত্রীদের বক্তব্যের রেশ ধরে তরিকুল বলেন, “এতই যদি উন্নয়ন ও অগ্রগতি করে থাকেন, তা হলে নির্বাচন নিয়ে কেন এত ভয়? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে বিজয়ী হয়ে আসুন। আমরা আপনাদের স্যালুট জানাব।”

মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় তরিকুল ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি নেতা সেলিমা রহমান, মারুফ কামাল খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, বিলকিস জাহান শিরিন, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীন, নুর জাহান ইয়াসমীন, নার্গিস আলী প্রমুখ।