২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিস্তারিত’ জেনে প্রতিক্রিয়া দেবে বিএনপি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আজাদের ফাঁসির আদেশের পর বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রায়ের বিষয়ে বিস্তারিত না জেনে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেছেন তারা।

অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের জ্যেষ্ঠ নেতারা পরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন।

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রথম রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আগেও বলেছি, এখনো বলছি- এই বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন তাদের বিচার হতে হবে।”

বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না। দলের জ্যেষ্ঠ নেতারা হয়তো পরে প্রতিক্রিয়া জানাবেন।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়।

‘দলের অবস্থান  জানার পর আইসেন’

দলীয় সিদ্ধান্ত না জেনে আযাদের ফাঁসি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী  রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, “দেখেন রায় হয়ে গেছে। এ ব্যাপারে আমার দলের অবস্থান কি তা আমি জানি না। দল আমাকে কথা বলতেও বলে নাই। তাই এ বিষয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারব না। দলের অবস্থান জেনে নেই, তারপর আইসেন।”

উচ্চ আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে তার প্রতিক্রিয়া চাইলেও মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, “অনুপস্থিতিতে বিচার হয়েছে। এটা নিয়ে আবার কিসের প্রতিক্রিয়া। এর কোনো দাম আছে নাকি? এটা বলার মত কোনো ইস্যু নয়।”