আরেক মামলায় জামিন পেলেন ফখরুল
অবরোধের সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামিন মঞ্জুরের পর ফখরুলের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “মামলার এফআইআরে আসামি কলামে মির্জা ফখরুলের নাম ছিল না। এরপরও কেবল রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় তাকে জড়ানো হয়েছে। মামলার বাদীও এজাহারে বলেছেন, তিনি নির্দেশিত হয়ে এই মামলা করেছেন। তার মানে তিনি নিজ ইচ্ছায় এই মামলা করেননি।”
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মির্জা ফখরুল মানুষকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হতে হুমকি দিয়েছেন। এই পর্যায়ের একজন নেতা কেন মানুষকে হুমকি দিবেন? এখানে রাজনীতি আর সাধারণ মানুষের অধিকারকে গুলিয়ে ফেলা হচ্ছে। বোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর কারো রাজেনৈতিক অধিকার হতে পারে না।”
এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান সরকারের প্রধান আইন কর্মকর্তা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরো দুটি মামলায় ফখরুল গ্রেপ্তার রয়েছেন।
ফলে এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির মুখপাত্র।
ফখরুলের পক্ষে জামিন আবেদনকারী আইনজীবী মো. সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মির্জা ফখরুলকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেছে। পাশাপাশি কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
“বাকি যে দুই মামলার তিনি (ফখরুল) গ্রেপ্তার আছেন, তাতে রাষ্ট্রপক্ষ তাকে রিমান্ডে নেয়ার আবেদন করেছে। ২৪ জানুয়ারি নিম্ন আদালতে ওই আবেদনের শুনানি হবে। এরপর সেখানে আমরা জামিন চাইব।”
গত ১৫ জানুয়ারি মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মতিঝিল থানার মামলায় ফখরুলের জামিন আবেদন খারিজ করে দেন। পরে রোববার তিনি হাই কোর্টে জামিন আবেদন করেন, যা সোমবারের কার্যতালিকায় আসে।
ফখরুলের আইনজীবী সকালে শুনানির আবেদন করলে রাষ্ট্রপক্ষ সময় চায়। পরে দুপুরে শুনানি শেষে বেঞ্চ জামিন মঞ্জুর করে।
১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে। তবে ফখরুলের আইনজীবীদের অভিযোগ অধিকাংশ মামলার এজাহারে ফখরুলের নাম থাকলেও তাকে গ্রেপ্তার দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।
হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সূত্রাপুরের মামলায় দায়রা জজ আদালত ফখরুলকে জামিন দিলেও মিতিঝিল থানার মামলায় তার আবেদন নাকচ করে দেয়।
এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।
এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে গত রোববার হাই কোর্টে রিট আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে।
