জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি। ইতিমধ্যে দলটি দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে আছে- শনিবার ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালের এদিনে বগুড়ার বাগমারা গ্রামে জন্ম গ্রহণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি সেক্টর প্রধান, পরে দেশের সেনা প্রধান ও রাষ্ট্রপতি হন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়া জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
তার জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার থেকে দলের অঙ্গসংগঠন জিয়ার জীবনীর ওপর আলোচনা সভা শুরু করেছে।
