জেএমবির ২ শুরা সদস্যের মৃত্যুদণ্ড বহাল
একটি হত্যা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই শুরা সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
মুত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির আবেদন ও জেল আপিলের শুনানি করে মঙ্গলবার সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই রায় দেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিব ওরফে তাওহীদ এবং মো. রাকিব হাসান ওরফে রাসেল ওরফে হাফেজ মাহমুদ। তারা উভয়েই কারাগারে রয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম এবং সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী। দুই আসামির পক্ষে জেল আপিলে শুনানি করেন আইনজীবী বাহার উদ্দিন আল রাজী। মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির আবেদনে আসামি পক্ষে শুনানি করেন শিরীন আফরোজ। আসামীপক্ষের উভয় আইনজীবীকে নিয়োগ করেছে রাষ্ট্র।
আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে ইসলামি শরিয়া অনুসারে বিচার দাবি করে। হাই কোর্টেও তারা নিয়ম অনুসারে কোনো জেল আপিল দায়ের করেনি।
তারা ‘তাগুতি’(শরিয়াবিরোধী)বিচার ব্যবস্থায় তাদের বিচার না করতে বিচারকদের চিঠি দেয়। ওই চিঠিকেই আপিল হিসাবে বিবেচনা করে হাই কোর্টে মামলা পরিচালনা করা হয়।
আদেশের পর মো. সেলিম বলেন, আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তি পর্যালোচনা করে মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখেছে। তারা এখন চাইলে আপিল করতে পারে। ওই ধাপে হেরে গেলে আইনে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে। আর আপিল না করলে তাদের মুত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না।
রাজশাহীর বাগমারায় আরো একটি হত্যা, ১৭ অগাস্ট দেশব্যাপী বোমা হামলাসহ অনেক ঘটনায় আসামিরা জড়িত বলে জানান তিনি।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর খুন হন গনি গোমেজ। ঘটনার প্রায় ২০ বছর আগে পেশায় চিকিৎসক এই ব্যক্তি ইসলাম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রীস্টান হন। এ কারণে শায়খ রহমানসহ আসামিরা তাদের ‘সিদ্ধান্তে’ গনি গোমেজকে মুত্যুদণ্ড দেয়।
“ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে ফেরার পথে গনি ভাই বলে ডাক দিয়ে প্রতিউত্তর পেয়ে আসামিরা তাকে জবাই করে হত্যা করে। ঘটনায় এই দুই আসামি ছাড়াও ভাগ্নে শহীদ এবং বেল্লাল নামে আরো দুই ব্যক্তি জড়িত ছিল। কিন্তু তাদের নাম ঠিকানা সঠিকভাবে পাওয়া না যাওয়ায় তাদেরকে বাদ দিয়েই ২০০৬ সালের ১৭ জুলাই চার্জশিট দেওয়া হয়। জামালপুর সদরের দোয়ারিপাড়া ও বেপারিপাড়ার মাঝে বটতলায় এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়।”
