২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজশাহীতে পুলিশের গাড়িতে আগুন, আটক ৩০

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা এবং সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ-ভাংচুরের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:28 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এ ছাড়া বিভাগের অন্য সব জেলায় নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে।

সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় আধা বেলার এই হরতাল করছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো।

রাজশাহীতে হরতালকারীদের হামলায় পুলিশের চার সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে ইসলামী ছাত্র শিবিরের ২৮ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান।

আহত কনস্টেবল হযরত আলী, প্রণব রায়, তুষার ও হাবিলদার সামাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জে হরতালকারীদের ইট-পাটকেলে পুলিশের এক সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন ও মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী ছাত্র শিবির কর্মীরা সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় মিছিল বের করে।

এ সময় তারা সেখানে পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

পুলিশ এ সময় বাধা দিলে শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে আলমগীর হোসেন জানান।

পরে অন্তত টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শিবির কর্মীরা সকালে নগরীর হাদির মোড় এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তারা পলিয়ে যায়।

সকালে শহরের সড়কগুলোতে যান চলাচল ছিল কম। রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকালে সিরাজগঞ্জ শহরের কাঠেরপুলে জামায়াত ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ১ পুলিশসহ তিনজন আহত হয়। এ সময় পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ভোরে শহরতলীর বহুলী, শিয়ালকোল, চন্ডিদাসগাঁতিতে হরতাল সমর্থনকারীরা অন্তত ৫টি সিএনজি চালিত অটোরিকসা ও ১টি ট্রাক ভাংচুর করে বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, কাঠেরপুলে সংঘর্ষ চলাকালে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

হরতাল চলাকালে শহর থেকে কোন দুরপাল্লার বাস ছেড়ে দেয়নি। তবে রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম।

হরতালের সমর্থনে পিকেটিং করার সময় উল্লাপাড়া উপজেলার ভুতগাছা থেকে আব্দুল বাতেন (২২) ও ছাইদুল ইসলাম (২৫) নামে দু’শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানান থানার ওসি বিমান কুমার।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমানকে রোববার সন্ধ্যায় খুলনা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর প্রতিবাদে সোমবার বিভাগের আট জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী। 

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে গত ৩ ডিসেম্বর যে মামলা হয়, তাতে আসামি করা হয়েছে মজিবুরকে। 

গত ২৮ নভেম্বর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”

তার ওই বক্তব্যের জেরে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। পল্টন থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মজিবুর রহমানের আগে গত কয়েক সপ্তাহে মিয়া গোলাম পরওয়ার, তাসনীম আলম, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।