২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির দাবি মেনে নিন: আমান

আন্দোলনরত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 09:32 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বর্তমান সরকার এই দাবি না মানলে আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে দাবি পূরণ করবে বলেও তিনি মন্তব্য করেছেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আমান বলেন, “শিক্ষকদের ওপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। সম্মান্বিত শিক্ষকদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও মরিচের গুঁড়ো স্প্রে করে ‘মানবাধিকার লঙ্ঘন’ করছে।

“আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি, এ রকম নির্যাতন বন্ধ করুন। অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। নইলে বিএনপি ক্ষমতায় গেলে তাদের দাবি পুরণ করা হবে।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে কয়েকশ’ শিক্ষক-কর্মচারী গত এক সপ্তাহ ধরে এমপিওভুক্তির  দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন।

জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারের পর রোববার জাতীয় মানবাধিকার কমিশনের সামনেও কর্মসূচি পালনে শিক্ষকদের বাধা দেয় পুলিশ। পরে তারা কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে একটি স্মারকলিপি দেন।

এর আগে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসলে পুলিশ মরিচের গুঁড়ো স্প্রে করে তাদের সরিয়ে দেয়।

শিক্ষকরা বলছেন, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির  অপেক্ষায় আছে, যাতে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী এমপিওবঞ্চিত।

ইসলামী বিশ্ববিদ্যালয় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। তাদের ওপর এডিস নিক্ষেপ করেছে। তারা আমাদের গৌরবময় ছাত্র রাজনীতি ও আন্দোলনের ওপর কালিমা লেপন করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”

“ছাত্রলীগ সারাদেশে টেন্ডারবাজি, সন্ত্রাস চালাচ্ছে। বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে প্রকাশ্যে খুন করেছে। এতে প্রমাণিত হয়- ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন এখন ছাত্ররাজনীতি করছে না। তারা গুন্ডামি-মাস্তানি করছে।”

‘গৌরবোজ্জ্বল’ ছাত্ররাজনীতিকে ফিরিয়ে আনতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান ডাকসুর এই সাবেক ভিপি।

ইসলামী বিশ্ববিদ্যালয় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করে আমান বলেন, “শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ওপর হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এখন সরকার তাদের ছাড় দিলেও আগামীতে তারা পার পাবে না।”

নির্দলীয় সরকারের দাবিতে ঢাকাসহ সারা দেশে মঙ্গলবারের মানবপ্রাচীর কর্মসূচি সফল করারও আহবান জানান আমান।

জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।