২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনের দিন আনোয়ারায় সাধারণ ছুটি

চট্টগ্রাম- ১২ (আনোয়ারা) আসনের উপ-নির্বাচনের দিন ১৭ জানুয়ারি ওই নির্বাচনী এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে।

তবে ওই দিন পূর্বনির্ধারিত পাবলিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা এ ছুটির আওতার বাইরে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

গত ৪ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শূন্য এই আসনে ভোটের জন্য ১৭ জানুয়ারি দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ফরহাদ আহমেদ খানকে। আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুরশেদ আলম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক। সাইফুজ্জামান প্রয়াত আখতারুজ্জামানের ছেলে।