অস্থিতিশীল অবস্থা সরকারের সৃষ্টি: তরিকুল
পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে সরকার দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় তিনি বলেন, “সারাদেশে সরকার পরিকল্পিতভাবে হত্যা করছে। সত্য কথা বললে, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে মামলা দেয়া হচ্ছে। এই হচ্ছে মহাজোট সরকারের কথিত গণতন্ত্রের নমুনা।”
এ পরিস্থিতি থেকে উত্তরণে চলমান আন্দোলন আরো গতিশীল করার আহ্বান জানান তরিকুল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের আরোগ্য লাভে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের দিন গাবতলীর আমিন বাজারের কাছে ক্ষমতাসীন দলের হামলায় নাজিম উদ্দিন আলম গুলিবিদ্ধ হন। স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। উন্নত চিকিৎসার জন্য পরে আলমকে যুক্তরাষ্ট্র পাঠানো হয়।
তরিকুল ইসলাম বলেন, “দেশের অবস্থা এমন পর্যায় পৌঁছেছে, আমরা যে কেউ নিখোঁজ ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো হত্যা ও গুম হয়ে যেতে পারি। নাজিম উদ্দিন আলমের মতো গুলিবিদ্ধ হতে পারি। বর্তমান সরকারের নীতি হচ্ছে গুম-হত্যার মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখা।”
ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নাজিম উদ্দিন আলমের পিঠে অস্ত্র ঠেকিয়ে হত্যার অপচেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “তার যকৃতের দুইটি বুলেট এখনো রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা হচ্ছে।”
পরে নাজিম উদ্দিন আলমের আরোগ্যে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, “জনগণের দুর্ভোগ হয়, এমন কর্মসূচি বাধ্য না হলে আমরা দিচ্ছি না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই সরকারকে গণদাবি মানতে বাধ্য করা হবে। বাধ্য হলে প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিও দেবো।”
প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে হৃদয়ে বাংলাদেশ এর উদ্যোগে ‘ গুম-হত্যা,হামলা, মামলার রাজনীতির শেষ কোথায়’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় মোশাররফ বলেন, “বর্তমান সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। গণমাধ্যমে প্রকাশিত জনমত জরিপে তার চিত্র ফুটে উঠেছে। দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য আমরা নিরপেক্ষ সরকারের অধীনে দাবিতে গত দুই বছর যাবত আন্দোলন করে আসছি।”
দেশে গুম-হত্যার ব্যাপকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “১৯৭২-৭৫ সালে যে অবস্থা ছিলো, আজ তার সীমা ছাড়িয়ে গেছে। গুম-হত্যা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেড়ে দেয়ার রেকর্ড ভঙ্গ করেছে সরকার।”
সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
