হাতকড়া: পুলিশের ভাষ্যের সমালোচনায় বিএনপি
বাজারে ‘হাতকড়া’ কিনতে পাওয়া যায়- পুলিশের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রফিকুল বলেন, “৫৬ নম্বর ওয়ার্ড নেতা রফিকের লাশ পুলিশের লেখা হাতকড়া লাগানো অবস্থায় পাওয়া গেছে। অথচ পুলিশ বলছে, ওই হাতকড়া তাদের নয়। বাজারে হাতকড়া কিনতে পাওয়া যায়।
“আমাদের প্রশ্ন- বাজারে কিভাবে আসামি ধরার হাতকড়া কিনতে পাওয়া যায়। এটা দেখার দায়িত্ব কার?”
গত শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতকড়া লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আগের দিন ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যান।
পরিবারের সদস্যরা জানান, রাতে শ্বশুড়বাড়ি থেকে র্যাব পরিচয়ে কিছু লোক রফিককে ধরে নিয়ে যায়।
ঘটনার পর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, বাজারে 'পুলিশ' লেখা হাতকড়া কিনতে পাওয়া যায়। সন্ত্রাসীরা এ সুযোগ কাজে লাগিয়েছে বলে তাদের ধারণা।
ভারতীয় হিন্দি সিনেমা ও কার্টুনের ‘আগ্রাসন’ থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষার দাবিতে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন।
প্রতিবেশী দেশের চলচ্চিত্র-কার্টুন- টিভি সিরিয়ালসহ তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রভাবে দেশীয় সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম মিয়া।
তিনি বলেন, “ভিনদেশের সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে হলে শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।”
‘অন্য দেশের সংস্কৃতি লালন-পালন করার জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি’- এমন মন্তব্য করে তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, “দেশে অনেক বড় বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও ভিন দেশ থেকে চলচ্চিত্র আমদানি করে আনতে হবে কেন।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশি সংস্কৃতির হাত থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ক্ষমতাসীন মহাজোট সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “এই সরকারের আমলে পদ্মাসেতু প্রকল্প ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ক্ষমতাসীন দলের লোকজন বিদেশে পাচার করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আত্বীয়স্বজনরা এর সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একজনের কাছে অবৈধ ৯ মিলিয়ন ডলার ধরা পড়েছে। এভাবে অর্থ পাচার হচ্ছে।”
‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা ক্ষমতায় এসে এসব পাচার করা অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেব।”
সংগঠনের সভানেত্রী সানজানা চৈতীর (পপি) সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, দেশরক্ষা আন্দোলনের সভাপতি সানোয়ার হোসেন, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু মানববন্ধনে বক্তব্য দেন।
