২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

পাবনায় বিএনপি কর্মী মিলন হত্যা মামলায় দলটির ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিনিধি, পাবনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

পাবনায় বিএনপি কর্মী মিলন হত্যা মামলায় দলটির ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার সকালে হত্যা মামলার ১৮ আসামি পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাহউদ্দিন খান ৮ জনকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে শিমুল বিশ্বাসের ভাই জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস, রেহানুল ইসলাম বুলাল, ভাতিজা রানা বিশ্বাস, বাবুল বিশ্বাস, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানাও রয়েছেন।

এদিকে নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সমর্থকরা।

গত বছরের ২৪ সেপ্টেম্বর পাবনা জেলা বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী মিলন হোসেন (৩০) গুলিতে নিহত হন।

এ ঘটনায় নিহতের চাচা বাচ্চু প্রামানিক প্রতিপক্ষ অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতাসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতাকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান। এছাড়া উচ্চ আদালত থেকে জামিন নেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

একই ঘটনায় শিমুল বিশ্বাসের সমর্থক হিসাবে পরিচিত বিএনপি কর্মী আজমত হোসেন বাদী হয়ে পাবনা পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু ও কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশাসহ ২৩ জনের নামে মামলা করেন।

এ মামলায় পুলিশ পাবনার পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর নাম বাদ দিয়ে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে বলে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান।