২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিক হত্যা পরিকল্পিত: তরিকুল

বিএনপির ওয়ার্ড নেতা রফিকুল ইসলাম মজুমদার খুন হওয়ার পিছনে সরকারের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বিএনপির ওয়ার্ড নেতা রফিকুল ইসলাম মজুমদার খুন হওয়ার পিছনে সরকারের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

সোমবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকের জানাজার আগে তরিকুল সাংবাদিকদের বলেন, “সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে র্যাব-পুলিশ শতভাগ জড়িত বলে আমরা মনে করি।”

ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শুক্রবার শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগরে যান। শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি- মনোহরপুর এলাকা থেকে হাতকড়া লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল বলেন, “এর আগে মহানগর নেতা ও রমনার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করে ফেলা হয়েছে। আজো তার হদিস পাওয়া যায়নি। এই সরকারের আমলে গুমের মিছিলের সংখ্যা বাড়ছে।”

সকাল ১১টার দিকে ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুলের লাশ দলীয় কার্যালয়ের সামনে আনা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাসাস সভাপতি এম এ মালেক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, শিশু সংগঠক সিরাজুল ইসলাম সেলিম, রমনা থানার আহবায়ক ননী তালুকদারসহ কয়েক হাজার নেতা-কর্মী ও বঙ্গবাজারের ব্যবসায়ীরা তার নামাজে জানাজায় অংশ নেন।

এরপর তরিকুল ইসলামের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা রফিকের কফিনে শেষ শ্রদ্ধা জানান। পরে মহানগর বিএনপি, ৫৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

জানাজার পর লাশ দাফনের জন্য অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির চণ্ডীপুরে নেয়া হয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদের মঙ্গলবার বিকালে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়া ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি তিনদিনের শোক পালনের কর্মসূচি নিয়েছে। ওয়ার্ড কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা তিনদিন।

রফিকের স্মরণে বুধবার বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে।

তরিকুল ইসলাম বলেন, “রফিকের হত্যাকাণ্ড প্রমাণ করেছে, এই সরকারের আমলে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে ভোরে লাশ ফেলে দিয়ে যাবে- আমরা কোথায় আছি। বেডরুমে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা হয়েছে। খুনিরা আজো ধরা পড়েনি, কোনো বিচার হয়নি।”

“কেবল বেডরুমেই নয়, রাস্তায়ও মানুষের জীবনের নিরাপত্তা নেই। রাস্তায় প্রাকাশ্যে ছাত্রলীগের ক্যাডাররা বিশ্বজিত দাসকে হত্যা করেছে। তার ভাই এই হত্যার সুষ্ঠু বিচার হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম নিখোঁজ হওয়ার প্রসঙ্গ টেনে তরিকুল বলেন, “চার বছরে বিরোধী দলের ১৫৭ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।”

এছাড়া বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে এবং মিছিল-সমাবেশ করতে না দিয়ে সরকার ‘পদে পদে’ মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

রফিক হত্যার বিষয়ে কিছুই জানে না বলে র্যাব দাবি করেছে। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে হাতকড়া কিনতে পাওয়া যায়। সন্ত্রাসীরা তা ব্যবহার করতে পারে।

এর জবাবে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, “এ ধরনের কথা তারা সব সময় বলে থাকে। আমরা মনে করি, সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।”

“র্যাব-পুলিশ যদি জড়িত না থাকে, তারা খুঁজে বের করুক- কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে ‘হটানোর’ কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য এম কে আনোয়ার বলেন, “রফিকের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করলে সরকারেরই দায়িত্ব সুষ্ঠু তদন্তের মাধমে হত্যাকারীদের খুঁজে বের করা।”

জানাজার আগে মহানগর সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “ র্যাব ও পুলিশ বাহিনীর অতি উৎসাহী সদস্যদের উদ্দেশ্যে বলব, আপনারা সরকারের অঙ্গুলিতে এই ধরনের বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না। কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের অর্থে আপনাদের বেতন হয়। আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।”

“এই সরকার চিরস্থায়ী নয়। তাদের পতন হলে একদিন রফিক হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। তখন দোষীরা কেউ রেহাই পাবেন না”, বলেন তিনি।

রোববার রাতে কুষ্টিয়া থেকে রফিকের মরদেহ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নেয়ার পর সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান।