২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের পঞ্চম বছরের প্রথম দিন সারা দেশে বিরোধী দলের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 12:19 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের পঞ্চম বছরের প্রথম দিন সারা দেশে বিরোধী দলের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার ভোর থেকেই বাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ ও র্যা ব। তবে এর মধ্যেও রাজধানীর মিরপুরে দুটি বাস ও শাঁখারিবাজারে একটি গাড়ি ও বাবুবাজারে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়। তেজগাঁও, পান্থপথ ও বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় হরতালকারীরা। পুরান ঢাকায় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় আহত হন আটজন।

এছাড়া বিভিন্ন স্থানে অলিগলিতে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে ফাটানো হয়েছে কয়েকটি হাতবোমা।

পুরান ঢাকা, ফার্মগেইট, বনানী ও মিরপুর এলাকা থেকে অন্তত ২৬ জনকে আটক করেছে পুলিশ। তবে হরতালে দেশের কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

হরতালের আগে শনিবার সন্ধ্যায়ও রাজধানীর বিভিন্নস্থানে অন্তত ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ঢাকার দশ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ১১টি মামলা করেছে পুলিশ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সকালে রাজধানীতে বাস কম চললেও প্রচুর রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস আদালত ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলে। সরকারের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

ঝটিকা মিছিল, গাড়িতে আগুন

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই সময়ে মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে হরতাল সমর্থকরা একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে বলে জানান মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মইদুল হোসেন।

এছাড়া সকাল ৬টার দিকে মিরপুর ৬ নম্বর বাজারের পাশে ইউনাইটেড পরিবহনের একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় হরতালকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে বাসের চালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় একই সময়ে তেজগাঁও কলেজের সামনে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রমজান আলী জানান।

তিনি বলেন, ঘটনার পর পুলিশ দুই জনকে আটক করেছে।

পান্থপথ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। গুলশান লিংক রোডে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে বাড্ডার ওসি মাহাবুবুর রহমান জানান।

সকাল সাড়ে ৯টার দিকে বনানী কাঁচাবাজারের কাছ থেকে দুই হরতাল সমর্থককে আটক করে পুলিশ। বনানী থানার উপ-পরিদর্শক আমিনুল বাশার বিডিনিউজকে বলেন, “এরা নাশকতার চেষ্টা চালাচ্ছিল।”

১০টার দিকে শাঁখারিবাজারে হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক জানান।

বেলা সাড়ে ১২টার দিকে বাবুবাজারের দুম্বা মসজিদ এলাকায় হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয় বলে কোতোয়ালির ওসি জানান। এ সময় কয়েকটি হাতবোমা ফাটানো হয় এবং একটি কভার্ড ভ্যান ভাংচুর করে হরতালকারীরা।

পরে পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।

সকালে বাসাবোর কদমতলা এলাকাতেও ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে হরতালকারীরা। এ সময় চটের বস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না।

সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৬ নম্বরের বেপজা কমপ্লেক্সের সামনে একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে হরতাল সমর্থকরা।

এর চালক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন, “হঠাৎ করে ১০/১২ জনের একটি দল এসে ভাংচুর চালিয়ে দ্রুত পাশের গলি দিয়ে পালিয়ে যায়।”

দুপুরে পুরান ঢাকার জজকোর্টের বাইরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় আটজন আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এগোলে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১০ থেকে ১২টি শেল ছোড়ে।

হরতালের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে আরো ১২ জনকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালির উপ পরিদর্শক মাহমুদুল হক জানান।

হাতবোমা

হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ও বিকালে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বহিরাগত এক যুবককে আটক করে শাহবাগ পুলিশের হাতে সোপর্দ করে শিক্ষার্থীরা।

দুপুরে টিএসসি থেকে উদ্ধার করা হয় ব্যাগে মোড়ানো দুটি হাতবোমা। শাহবাগ থানা পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হরতালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় কোনো মিছিল দেখা না গেলেও দুপুরে চারটি হাতবোমা ফাটানো হয়। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ।

এছাড়া সকালে মিরপুর কমার্স কলেজের সামনে ৪/৫টি হাতবোমার বিস্ফারণ ঘটে বলে এলাকাবাসী জানায়।

‘ক্ষমতাসীনারাও মাঠে’

হরতালে সকাল থেকেই ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে হরতালবিরোধী মিছিল নিয়ে সক্রিয় দেখা যায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ এবং আশে-পাশের এলাকায় হরতালবিরোধী মিছিল করেন।

সকাল ১১টায় বায়তুল মোকাররম মসজিদের সামনে দিয়ে বাংলাদেশ বামফ্রন্ট একটি হরতালবিরোধী মিছিল নিয়ে যায়। বেলা ১২টার পর মগবাজার যুবলীগও একটি হরতালবিরোধী মিছিল করে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেককেই বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনের ফুটপাথে চেয়ার পেতে সময় কাটাতে দেখা যায়।

‘অবরুদ্ধ’ বিএনপি কার্যালয়

অন্যান্য হরতালের মতো এদিনও নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে বাইরে করা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সেখানে হরতালকারীদের কোনো তৎপরতা দেখা যায়নি। নয়া পল্টন সড়কে সারাদিনই কিছু কিছু যানবাহন ও রিকশা চলতে দেখা যায়।

পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিএনপি কার্যালয়ের ফটকে কলাপসিবল গেইটের ভেতরে বসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবদিকদের বলেন, “এই হরতাল জনগণের স্বার্থে। আমি সারা দেশের যে খবর পেয়েছি, সব জায়গায় মানুষ এই হরতালে সমর্থন দিয়েছে।”

সকাল সাড়ে ১০টার পর তরিকুল ইসলাম পুলিশ বেষ্টনি ডিঙিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। প্রধান ফটকের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল রাতে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়। সরকারের এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছে, যাতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে। এ জন্যই তারা ওইসব অগ্নিসংযোগের ঘটনার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে।”

তার দাবি, অধিকাংশ যানবাহনই হরতালে বের হয়নি। দোকান পাটও বন্ধ ছিল। এটা স্বতঃস্ফূর্ত হরতালের প্রমাণ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “জনগণ, গণপরিবহন ও কৃষকের স্বার্থে আমরা হরতাল দিয়েছি। তাই এ হরতালের আগে আমাদের কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে কোথাও যানবাহনে বাধা দেয়া না হয়।”

বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংসদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সুলতান সালাহউদ্দিন টুকু, রফিক শিকদার ও বেলাল আহমেদ সকালে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম হরতালের ঘোষণা দেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগেই বলেছিল, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেই তারা হরতাল ডাকবে।

সরকার পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তা কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।