২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইট বাতিল, সিলেটে যাত্রীদের বিক্ষোভ

কোনো কারণ ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল হওয়ায় সিলেটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

কোনো কারণ ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল হওয়ায় সিলেটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র কমার্শিয়াল অফিসার আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে বিজি-০৩৬ ফ্লাইটটি সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল।

কিন্তু সকালে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল করায় লন্ডন ও মধ্যপ্রাচ্যগামী প্রায় চারশ’ যাত্রী বিমানের সিলেট কার্যালয়ে বিক্ষোভ দেখান।

পরে কর্তৃপক্ষ শনিবার ফ্লাইট দেয়ার আশ্বাস দিলে যাত্রীরা শান্ত হন। শনিবার সকাল সাড়ে ৮টায় এ ফ্লাইটের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বিমান কর্মকর্তা আরো বলেন, এ ফ্লাইটে লন্ডনের ২৯৬ জন, দোহা-দুবাইয়ের ২৭ জন, জেদ্দার ৩২ জন, মাসকাট ও কুয়েতের ১৭ জন যাত্রী ছিলেন। এছাড়া অভ্যন্তরীণ যাত্রী ছিলেন ৩৪ জন।

এর আগে সোমবার রাতেও সিলেটে বিমানের একটি ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছিলেন ১৪০ জন যাত্রী।

জেদ্দাগামী যাত্রী কাওছার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো কারণ ছাড়া হঠাৎ সকাল ১১টায় কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করে দেয়ায় বিড়ম্বনার পাশাপাশি ভিসা জটিলতায় পড়বেন তিনি। আগামীকাল তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

বিমানের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে এ যাত্রী বলেন, অনেকে ভিসার জটিলতা ছাড়াও বিদেশে চাকরিস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতিসহ নানা বিড়ম্বনার শিকার হবেন।

এদিকে বিমানের ফ্লাইট বাতিল নিত্যদিনের উল্লেখ করে এয়ারলাইন্স ক্লাব অব সিলেট অঞ্চলের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট অঞ্চলের প্রতি বিমান কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণের কারণেই এমনটি হচ্ছে।

সিলেট অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী থাকায় বিমানে যাত্রার প্রতি আগ্রহ রয়েছে তাদের। কিন্তু বিমান কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন সেবা দিতে না পারায় যাত্রীরা বিমান থেকে বিমুখ হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন সিপার আহমদ।