‘সরকার হটানো পর্যন্ত আন্দোলন চলবে’
বর্তমান ‘জালেম ও দুর্নীতিবাজ’ সরকারকে বিদায় না করা পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি বলেছেন, সরকার নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল সংসদে পাস না করলে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না।
খালেদা জিয়ার ভাষায়, “সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।এজন্য আমরা আজ গনসংযোগে নেমেছি। মা-বোনসহ দেশের মানুষকে জেগে উঠতে হবে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দিনকব্যাপী গণসংযোগের অংশ হিসাবে গাবতলীতে প্রথম পথসভায় এ কথা বলেন বিএনপি চেয়ারপার্সন।
বেলা সোয়া ১১টার দিকে তিনি গাবতলীর হানিফ পরিবহন বাস ডিপো (পুরনো বিউটি সিনেমা হল) প্রাঙ্গণের মঞ্চে পৌঁছালে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
হালকা ঘিয়ে রঙের শাড়ির ওপর শাল পরিহিত খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
খালেদা জিয়া বলেন, ‘‘ এই জালেম, দুর্নীতিবাজ সরকারকে বিদায় করতে হবে। এদের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের কর্মসূচি বন্ধ হবে না। ১৮ দলীয় জোটের সভা করে আমরা পরবর্তী কর্মসূচি দেবো।’’
এই পথসভাকে কেন্দ্র করে গাবতলী থেকে কল্যাণপুর পর্যন্ত এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যভস্থা করে পুলিশ ও র্যা ব।
গাবতলীর পথসভা শেষ করে কারওয়ান বাজারে দ্বিতীয় পথসভার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মহানগর সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা গণসংযোগে তার সঙ্গে রয়েছেন।
গণমিছিল-সমাবেশে থাকলেও এই ধরনের কর্মসূচিতে দীর্ঘদিন দেখা যায়নি বিএনপি চেয়ারপারসনকে। দেশের বিভিন্ন স্থানে এই দাবিতে জনসভা ও ঢাকায় গণমিছিলের পর বুধবার সরাসরি রাজপথে নেমে এলেন তিনি।
এই গণসংযোগের অংশ হিসেবে মোট পাঁচটি স্থানে পথসভা করছেন খালেদা জিয়া; যার শেষ হবে বাড্ডায়।
এছাড়া ১৮ দলীয় জোট নেতারা গণসংযোগ করবেন সাত বিভাগীয় শহরে। চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিলেটে এম কে আনোয়ার, রাজশাহীতে নজরুল ইসলাম খান, রংপুরে মাহবুবুর রহমান, খুলনায় আবদুল মঈন খান ও বরিশালে গয়েশ্বর চন্দ্র রায় গনসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেবেন।
মূল দাবি নির্দলীয় সরকার হলেও এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিচার বিভাগের দলীয়করণের প্রতিবাদ এবং মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তি ও তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও যোগ করেছে ১৮ দলীয় জোট।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সরকার এ পদ্ধতিতে নির্বাচন করতে অনড় থাকলেও বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
তবে সরকারি দলের নেতারা বলে আসছেন, পরিস্থিতি ঘোলাটে করে যুদ্ধাপরাধে আটক নেতাদের বিচার আটকে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে জামায়াত।
খালেদার গণসংযোগের রুট
গাবতলীতে প্রথম পথসভা শেষে কারওয়ান বাজারের কাঁচাবাজার, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক, সবুজবাগের বালুর মাঠ এবং বাড্ডার ভাটারা মাঠে সভা করবেন খালেদা জিয়া।
এছাড়া পুরান ঢাকার ধোলাইখালে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
গাবতলী থেকে কল্যাণপুর, আগারগাঁও সড়ক ও ফার্মগেইট হয়ে গণসংযোগ করতে করতে কারওয়ান বাজারের কাঁচাবাজারে যান খালেদা জিয়া।
সেখানে পথসভা শেষে এফডিসি সড়ক হয়ে মগবাজার রেলক্রসিং, মগবাজার মোড়, রমনা থানা সড়ক, বেইলি রোড সড়ক, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে কার্জন হল সড়ক, নগরভবন, গুলিস্থানে গোলাপ শাহ মাজার সড়ক, নর্থ সাউথ সড়ক, রায়সাবাজার সড়ক হয়ে ধোলাইখালে যাবেন তিনি।
এরপর সেখান থেকে দয়াগঞ্জ সড়ক হয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পথসভা করবেন বিরোধীদলীয় নেতা। সেখান থেকে সায়েদাবাদ, মানিকনগর, বৌদ্ধ মন্দির হয়ে সবুজবাগের বাসাবো বালুর মাঠে চতুর্থ পথসভা করবেন তিনি।
খালেদা জিয়া এরপর বাসাবো হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা সড়ক দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস অতিক্রম করে বাড্ডার ভাটারা মাঠে সর্বশেষ পথ সভায় বক্তব্য দেবেন।
খালেদা জিয়ার দিনব্যাপী এই কর্মসূচি ইন্টারনেটে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে বিএনপি। www.bnplive.com- এই ঠিকানায় তা সবাই দেখতে পারবেন।
