২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগের শুরুতে গাবতলীতে যানজট

রাজধানীর বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গণসংযোগের কারণে শুরু হয়েছে তীব্র যানজটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2012, 06:39 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

রাজধানীর বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গণসংযোগের কারণে শুরু হয়েছে তীব্র যানজটে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার বেলা ১১টায় গাবতলীতে পথসভা দিয়ে রাজধানীতে দিনব্যাপী গণসংযোগ শুরু করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

জনসভার কারণে সকাল থেকেই আশপাশের এলাকার বিএনপিকর্মী ও সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

বিউটি সিনেমা হলের সামনে পথসভার মুল মঞ্চ তৈরি করার কারণে আমিনবাজার সেতু থেকে ঢাকা-আরিচা মহাসড়কের দিকেও যানজট সৃষ্টি হয়।

আমিবাজার সেতুর সামনে অটোরিকশাচালক সোহরাব আলী বলেন, “প্রায় আধা ঘ্ন্টা ধরে একই যায়গায় আটকে রয়েছি।”

সাভার থেকে মিরপুর আনসার ক্যাম্পের দিকে যাচ্ছিলেন রোমানা পারভীন। যানজটের কারণে আমিনবাজারে বাস থেকে নেমে হেঁটেই রওয়ানা হয়েছেন তিনি।

“প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করার পরে কোনো উপায় না দেখে হেটেই রওয়ানা হয়েছি”।

গাবতলী থেকে কারওয়ান বাজারের পথসভায় যোগ দিতে যান খালেদা জিয়া।

আমিনবাজার থেকে কাওরান বাজার যাবেন আশ্রাফুল হকও। তিনি বলেন, “সব গাড়ি জ্যামের কারণে আটকা পড়েছে তাই হেটে রওয়ানা দিয়েছি। টেকনিক্যালে গাড়ি পেলে উঠবো।”

কারওয়ান বাজারে পথসভার পর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক, সবুজবাগের বালুর মাঠ এবং বাড্ডার ভাটারা মাঠে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।

কারওয়ানবাজারে পথসভা শেষে এফডিসি সড়ক, মগবাজার রেলক্রসিং, মগবাজার মোড়, রমনা থানা সড়ক, বেইলি রোড সড়ক, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে কার্জন হল সড়ক, নগরভবন, গুলিস্থানে গোলাপ শাহ মাজার সড়ক, নর্থ সাউথ সড়ক, রায়সাবাজার সড়ক হয়ে ধোলাইখালে যাবেন তিনি।

এরপর সেখান থেকে দয়াগঞ্জ সড়ক হয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পথসভা করবেন বিরোধীদলীয় নেতা। সেখান থেকে সায়েদাবাদ, মানিকনগর, বৌদ্ধ মন্দির হয়ে সবুজবাগের বাসাবো বালুর মাঠে চতুর্থ পথসভা করবেন তিনি।

খালেদা জিয়া এরপর বাসাবো হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা সড়ক দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস অতিক্রম করে বাড্ডার ভাটারা মাঠে সর্বশেষ পথ সভায় বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে তার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির শেষ হবে।