সাম্প্রদায়িক দল নিষিদ্ধে জাতীয় ঐক্যের ডাক
দিনব্যাপী সম্মেলনে সাম্প্রদায়িক দল নিষিদ্ধের পাশাপাশি রাষ্ট্র থেকে ধর্মকে বিযুক্ত করে সংবিধান থেকে ধর্মীয় উপাদানগুলো বাদ দেয়ার দাবিও উঠেছে।
অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে শেষ হয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন।
রোববার দিনব্যাপী এই সম্মেলনের ঘোষণপত্রে মুক্তিযুদ্ধের চেতনা নবীন প্রজন্মের মধ্যে সঞ্চারণের ওপরও জোর দেয়া হয়েছে।
বিভিন্ন অঙ্গনের ১৫ বিশিষ্ট নাগরিকের আহ্বানে এই সম্মেলনে অংশ নিয়ে সাম্প্রদায়িক দল নিষিদ্ধের আওয়াজও উঠেছে।
এর পাশাপাশি রাষ্ট্র থেকে ধর্মকে বিযুক্ত করে সংবিধান থেকে ধর্মীয় উপাদানগুলো বাদ দেয়ার দাবিও উঠেছে এই সম্মেলনে।
সালাহউদ্দিন আহমেদ, সরদার ফজলুল করিম, মুস্তাফা নূরউল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কাইয়ুম চৌধুরী, হামিদা হোসেন, আনিসুজ্জামান, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, সুলতানা কামাল ও মুহম্মদ জাফর ইকবালের আহ্বানে মহানগর নাট্যমঞ্চে এই সম্মেলন হয়।
তাদের আহ্বানে সাড়া দিয়ে এই সম্মেলনে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন- রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, মুজাহিদুল ইসলাম সেলিম, আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
ঘাতক-দালাল নির্মূল কমিটির মুনতাসির মামুন, বৌদ্ধ ধর্মীয় নেতা জ্যোতির্ময় বড়ুয়াসহ বাসদ, গণঐক্য, সেক্টর কমান্ডার্স ফোরাম, সাম্যবাদী দল, পার্বত্য চট্রগ্রাম শান্তি পরিষদ, ছাত্র ইউনিয়ন, সুশাসনের জন্য নাগরিক, আহমদিয়া মুসলিম জামায়াত, তরিকত ফেডারেশনও এই সম্মেলনে সংহতি জানায়।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, একটি সাম্প্রদায়িক শক্তি ধর্মনিরপেক্ষতার চেতনাকে নষ্ট করার চেষ্টা করছে। এর আগেও দেশে কয়েকবার এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ড হয়েছে।
কক্সবাজারের রামু ও উখিয়ার সাম্প্রদায়িক সন্ত্রাসের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এই হামলাকে প্রথমে বিচ্ছিন্ন মনে হলেও পরে প্রমাণিত হয়েছে এটি ছিল পরিকল্পিত। অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে নাগরিক সমাজের যতটা কঠোর প্রতিবাদ করা উচিত ছিল, তারা তা করতে পারেননি।”
এই হামলার পেছনে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বানচাল উদ্দেশ্য হিসেবে কাজ করেছে বলে মনে করেন আনিসুজ্জামান, যিনি ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসেছেন।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাম্প্রতিক তৎপরতা তুলে ধরে তিনি বলেন, “এ বিচার বানচালে একদল সহিংস মানুষ রাজপথে নেমেছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর বড় আঘাত। যুদ্ধাপরাধীদের বিচারে সারা দেশে যে মতৈক্য তৈরি হয়েছে এটি তার ওপর আঘাত।”
ঢাকার মতো বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলন করার আহবান জানান অধ্যাপক আনিসুজ্জামান।
সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।
এতে সব সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তিকে পরাস্ত করে ভেদাভেদহীন গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানানো হয়।
পাশাপাশি রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত এবং ধর্ম বিশ্বাস ও ধর্ম পালনের ব্যক্তিগত অধিকারের সুরক্ষা নিশ্চিতের আহ্বানো জানানো হয় সম্মেলনে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল সংবিধানকে ধর্ম নিরপেক্ষ করার আহ্বান জানান।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা (সরকার) ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাদের আমলে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেয়নি।”
মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরার কারণে স্বাধীনতাবিরোধীরা শক্তিশালী হয়েছে বলে মনে করেন সুলতানা কামাল।
“স্বাধীনতাবিরোধীরা এতটাই শক্তিশালী হয়েছে যে তারা শুধু রাজনৈতিকভাবেই নয় বরং আমাদের মেধা ও মননকেও কলুশিত করেছে, যা আমরা এখন টের পাচ্ছি।”
তাই নবীন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল চেতনা তুলে ধরার আহ্বান জানান অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।
“নতুন প্রজন্ম, যারা এখনো স্কুলে পড়ছেন, তাদের সামনে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি হয়।”
“তাদের শেখাতে হবে, অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই এই দেশের সৃষ্টি। এদেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।”
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জামায়াতে ইসলামীসহ সকল সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি তোলেন।
“যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন তাদের প্রত্যেককে প্রকাশ্যে বলতে হবে, তারা জামাতী চক্রের সঙ্গে জোট বাঁধবে না।”
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সমালোচনাও করেন ইনু।
“জামাত সম্বন্ধে যখন রাজপথে আন্দোলন হয় তথন তিনি মুখ বন্ধ করে রাখেন। এভাবে দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর করা সম্ভব হবে না। জামাতের সঙ্গ না ছাড়লে বিএনপিকেও রাজনীতি থেকে বিতাড়িত ও বর্জন করা হবে।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্ত করতে জামাত-শিবির হরতালের নামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছে।
“তাদের হামলার লক্ষবস্তু হয়েছে পুলিশ ও বিজিবি এমনকি আইনমন্ত্রীর গাড়িও তাদের হামলা থেকে রক্ষা পায়নি। সুতরাং বোঝাই যায়, তাদের উদ্দেশ্য কতটা ভয়ঙ্কর।”
জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে এই দাবিতে সিপিবি-বাসদের হরতালের প্রসঙ্গ টেনে সেলিম বলেন, “এই হরতালে জনগণের স্বতস্ফূর্ত সমর্থন প্রমাণ করে দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। জামাতকে নিষিদ্ধ করতে চায়।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাম্প্রদায়িকতা নির্মূলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
“আমাদের বড় দুর্ভাগ্য যে স্বাধীনতার সপক্ষের শক্তি এখনো একতাবদ্ধ হতে পারেনি। স্বাধীনতাবিরোধীরা এই সুযোগ নিয়েই শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।”
সম্মেলন থেকে বছরের একটি দিনকে ‘জাতীয় সম্প্রীতি দিবস’ ঘোষণার আহবান জানান লেখক-সাংবাদিক আবুল মোমেন।
সম্মেলনে আলোচনা পর্ব শুরুর আগে গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।
