২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল

বৃহস্পতিবার সকালে রাজধানীর রাস্তায় বাস কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ফায়ার ব্রিগেড ভোর সাড়ে ৬টার দিকে উত্তরায় একটি ট্রাকে আগুন দেয়ার খবর জানালেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

কমিউনিস্টদের বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের নামে ডাকা হরতাল চলছে কঠোর নিরাপত্তার মধ্যে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রাস্তায় বাস কম চলতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।সকালে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার ব্রিগেড ভোর সাড়ে ৬টার দিকে উত্তরায় একটি পিকআপে আগুন দেয়ার খবর জানালেও অন্য কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। কাঁটাবন ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীতে সকালে পিকেটারদের খুব একটা তৎপরতা দেখা যায়নি।তবে বিজয় সরণীতে হরতালের পক্ষে মিছিল করার চেষ্টা করলে সেখানে পুলিশ কয়েকজনকে আটক করে বলে এলাকাবাসী জানায়।

পুলিশ ও র্যা ব সদস্যরা সকাল থেকেই নগরীর সড়কগুলোতে সতর্ক অবস্থান নেয়।

বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় ফজরের আযানের পর থেকেই পুলিশ ও র্যারব মোতায়েন থাকতে দেখা যায়।পুরান ঢাকা ও যাত্রাবাড়ীতে ইসলামী দলগুলোর নেতাদের পরিচালিত বিভিন্ন মাদ্রাসার সামনেও রয়েছে কড়া পাহারা। তবে রাজধানীর কোথাও হরতালের পক্ষে কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকা হলেও রাজধানীতে কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত।

‘ইসলামী ও সমমনা ১২ দলের’ নামে এই হরতাল ডাকা হলেও এই মোর্চার আটটি দলই বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এই কর্মসূচিতে তারা নেই।বিবৃতিদাতাদের মধ্যে ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহীউদ্দিন খানও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “সকলের সাথে পরামর্শ ব্যাতিরেকে আগামীকাল ইসলামী ও সমমনা ১২ দলের নামে আহুত হরতালের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

তবে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার সিপিবি ও বাসদসহ বামপন্থী দলগুলো যে হরতাল করেছে, তাদের দাবির প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিদাতারা।

“ধর্মহীন রাজনীতি মানুষকে মূলত চরিত্রহীন ও অমানুষ করে। স্বাভাবিকভাবে শতকরা ৯০ ভাগ মুসলমানের এ দেশে গতকাল যারা ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে সরকার সমর্থিত হয়ে হরতাল করেছে, তাদের সাথে কোনো অবস্থাতেই আমরা একমত নই।”

বিবৃতির বিষয়ে যোগাযোগ করা হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র মহাসচিব আলমগীর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই হরতাল আহ্বান করা হয়। আমরা এ হরতালের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।”

“১২ দলের মধ্যে আমরা আট দলই কালকের (বৃহস্পতিবার) হরতালের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমরা কোনো হরতাল আহ্বান করিনি”,বলেন তিনি।

হরতালের বিরোধিতা করে বিবৃতিটিও দেয়া হয়েছে ইসলামী ও সমমনা ১২ দলের নামে। অন্যদিকে হরতাল ডাকাও হয় একই জোটে নামে।

হরতালের বিরোধিতায় বিবৃতিতে এই মোর্চার আহ্বায়ক মাসিক মদীনার সম্পাদক মুহীউদ্দিন খানের নাম রয়েছে। অন্যদিকে হরতাল আহ্বোন করে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন খেলাফত আন্দোলনের মহাসচিব জাফর উল্লাহ খান।

হরতালের বিরোধিতা করে বিবৃতিদাতারা হলেন- মুহিউদ্দীন খান, মোর্চার যুগ্ম আহ্বায়ক ও খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুর রকিব ও মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নূরুল হক মজুমদার ও মহাসচিব কাজী আবুল খায়ের, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি আব্দুল মোবিন, মহাসচিব এম এ রশিদ প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব আলমগীর মজুমদার এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও মহাসচিব হাশরত খান ভাসানী।

সে অনুযায়ী খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলামসহ ৪টি দল এই হরতাল করছে।

জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে সিপিবি ও বাসদসহ বামপন্থী দলগুলোর ডাকে মঙ্গলবার সারাদেশে সর্বাত্মক হরতালের পর লালবাগে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতাল ডাকেন ইসলামী ও সমমনা ১২ দলের সদস্য সচিব জাফর উল্লাহ খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে ‘কমিউনিস্টরা’ সরকারের প্রকাশ্য মদদে হরতাল পালন করে কুরআন-সুন্নাহ ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের এ অপচেষ্টার প্রতিবাদে আগামী ২০ ডিসেম্বর আমরা সকাল সন্ধ্যা হরতাল পালন করব।”

এদিকে বুধবার সন্ধ্যায় হরতালের বিরোধিতা করে বিবৃতি আসার আগে খেলাফত আন্দোলনের দপ্তর সম্পাদক সুলতান মহীউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মেলন থাকায় ঢাকায় বৃহস্পতিবারের হরতাল সংক্ষিপ্ত করে আধাবেলা করেছেন তারা। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে রংপুর হরতালের আওতামুক্ত থাকবে।