দূরপাল্লার বাস ছাড়েনি, রেল স্বাভাবিক
প্রধান সড়কগুলোতে যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম থাকায় অফিসগামী যাত্রীদের ভিড় দেখা গেছে।
সিপিবি ও বাসদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকালে ঢাকা থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি।
প্রধান সড়কগুলোতে যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম থাকায় অফিসগামী যাত্রীদের ভিড় দেখা গেছে।
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে। প্রায় একই দাবিতে হরতাল করছে গণতান্ত্রিক বাম মোর্চাও।
মঙ্গলবার সকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সেখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।
তবে ট্রেন চলাচল স্বাভাবিকই আছে।যাত্রী সংখ্যাও মোটামুটি স্বাভাবিক।
কমলাপুর স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশার কারণে কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয়েছে।
“সকাল সাড়ে নয়টা পর্যন্ত কমলাপুর থেকে নয়টি ট্রেন ছেড়ে গেছে। আটটা ট্রেন কমলাপুর পৌঁছেছে। যাত্রী সংখ্যা মোটামুটি স্বাভাবিক।”
গাবতলী থেকে সিটি পরিবহনের অল্প সংখ্যক যাত্রীবাহী গাড়ি ছাড়ছে। মিরপুর-১২ নম্বর সেক্টর থেকেও অন্য দিনের চেয়ে অনেক কম যাত্রীবাহী বাস চলাচল করছে।
অাগের হরতালগুলোয় বিআরটিসির বাস রাস্তায় চলতে দেখা গেলেও মঙ্গলবার রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের বাস রাস্তায় নামেনি।
সকালে পুলিশ বাংলামোটরে ব্যরিকেড দিয়ে শাহবাগমুখী যান চলাচল বন্ধ করে দেয়। সেখানে আটকে পড়া যানবাহন মগবাজার হয়ে চলাচল করেছে। জাতীয় ঈদগাহ থেকেও শাহবাগমুখী যানবাহন চলাচলে বাধা দেয় পুলিশ।
শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে সিপিবি ও বাসদ কর্মীরা মিছিল করেছে। কর্মীদের কেউ কেউ রাস্তায় বসে পড়েছে।
মিরপুর টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সকালে অসংখ্য অফিসগামী মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন।
সকাল থেকে রাস্তায় কয়েকটি প্রাইভেট কার চলতে দেখা গেছে। এছাড়া রাস্তায় প্রচুর অটোরিকশা ও রিকশা চলছে।
সিপিবি ও বাসদ কর্মীদের ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। এসব মিছিলের সামনে পেছনে পুলিশ প্রহরা দেখা গেছে।
বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
