‘গণতন্ত্র সুসংহত করাই বিজয় দিবসের অঙ্গীকার’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতন্ত্র সুসংহত করাই বিজয় দিবসে তার দলের অঙ্গীকার ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতন্ত্র সুসংহত করাই বিজয় দিবসে তার দলের অঙ্গীকার ।
রোববার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর তরিকুল সাংবাদিকদের বলেন, “দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। আইনের শাসন নেই। দমননীতির মাধ্যমে গোটা দেশটাকে সরকার কারাগারে পরিণত করেছে।
“আজ বিজয় দিবসে আমাদের শপথ হলো- দেশে গণতন্ত্র সুসংহত করা। নির্দলীয নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি মেনে নেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারো আহবান জানাচ্ছি।”
তরিকুল অভিযোগ করেন, সকালে খালেদা জিয়া যাতে সময়মতো স্মৃতিসৌধে পৌঁছাতে না পারেন, সেজন্য তার গাড়ি প্রায় ৪০ মিনিট আটকে রাখে পুলিশ।
তিনি সাংবাদিকদের বলেন, “ বিরোধী দলীয় নেতাকে গুলশানের বাসা থেকে ভোরে যথাসময়ে বের হতে পুলিশ বাধা দিয়েছে। বিরোধী দলীয় নেতার প্রোটকল গাড়ি আটকে রাখা হয়। আমরা সরকারের এহেন আচরণের নিন্দা জানাই।”
তরিকুল জানান, সাভোরে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতার ভোর ৬ টায় রওনা হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তাকে ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করতে হয়।
সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাড়ে ৮টায় নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিপ্রাঙ্গণে আসেন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান,সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু , আবদুল হালিম, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, নুর মোহাম্ম খানসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “স্বাধীনতার ৪১ বছর অতিক্রান্ত করলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি। সব মানুষের ভাত-কাপড়ের সংস্থান হয়নি। যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্বপ্ন তথা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটেনি।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ‘নগ্নভাবে’ দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
‘আশরাফের বক্তব্য বালখিল্যসুলভ’
যারা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায়, জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার অধিকার তাদের নেই- বিরোধী দলীয় নেতার প্রতি ইংগিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করেন তরিকুল ইসলাম।
তিনি বলেন, “আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, আপনার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। তাই আপনি এরকম বালখিল্যসুলভ কথা না বললে ভালো হয়।”
জিয়াউর রহমানকে ‘দেশের সর্বশ্রেষ্ঠ’ মুক্তিযোদ্ধা দাবি করে এই বিএনপি নেতা বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তাই আশরাফ সাহেবের বক্তব্য সঠিক নয়।”
‘হাজারো নেতা-ককর্মী কারাগারে’
বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলেন, “এই ডিসেম্বর মাসেই মানবাধিকার পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিরোধী দলের হাজারো নেতা-কর্মীকে এই মাসে তারা কারাগারে বন্দি করে রেখেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৭টি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটকে রেখেছে।’’
এভাবেই সরকার বিজয়ের মাসের চেতনাকে ‘কলঙ্কিত’ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, তারাও যুদ্ধাপরাধীদের বিচার চান। তবে তা হতে হবে ‘স্বচ্ছ,পরিচ্ছন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে’।
“ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতি নিজেই ‘স্কাইপেতে কথোপকথন’ প্রকাশের পর পদত্যাগ করেছেন। বিষয়টি সত্য বলেই বিচারপতি পদত্যাগ করেছেন। এজন্যই আমরা মনে করি-যুদ্ধাপরাধীর বিচারে স্বচ্ছতা আনতে হবে।”
