২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল করবে জামায়াত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 03:48 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তির দাবিতে সারা দেশে ১৮ দলীয় জোটের আধাবেলা হরতালের মধ্যেই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জোটের শরিক জামায়াতে ইসলামী।

সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ দলের পক্ষ থেকে হরতাল পালনের পর সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে তারা এককভাবে হরতাল পালন করবেন।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে বুধবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

রোববারের অবরোধে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের মামলায় সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব দেয়া হয় তার অন্যতম সহকারী এটিএম আজহারুল ইসলামকে। কিন্তু গত অগাস্টে আজহারুলও একই অভিযোগের মামলায় গ্রেপ্তার হলে শফিকুর ওই দায়িত্ব পান।