২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সহিংসতা প্রতিহত করবে চট্টগ্রাম আ.লীগ

মঙ্গলবারের হরতালে সহিংসতা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মঙ্গলবারের হরতালে সহিংসতা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই হরতাল শান্তিপূর্ণ হবে আশা প্রকাশ করে তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে থাকবেন। ১৮ দলের অবরোধ কর্মসূচিতে সরকারের কথিত হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার এই জোটের হরতালে চট্টগ্রামের বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করার ঘোষণাও দিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ সতর্ক করে দিয়ে বলেন, “হরতাল কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার বলে মনে করি। তা প্রতিরোধে আমরা কোনো কর্মসূচি দেব না। তবে কেউ যদি জানমালের ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তা হতে দেব না।” নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বলেন, “আশা করি তারা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যা যা করার তা আমরা করব।” সরকারের অংশ হিসেবে তাদের ওপরও এ দায়িত্ব বর্তায় বলে দানু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান। অপর এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই জামায়াত-শিবির চক্র মাঠে নেমে ‘অরাজক’ পরিস্থিতি সৃষ্টি করছে। এর পেছনে বিএনপি সক্রিয় রয়েছে দাবি করে তিনি বলেন, তারা (বিএনপি) জামায়াতকে নৈতিক সমর্থন দিচ্ছে এবং যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছে না। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে অরাজক পরিস্থিতি কখনো কাম্য নয় উল্লেখ করে তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল মনে করলে এ মাসে তারা বিজয়ের গান গাইবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর কমিটির সহ-সভাপতি কেএম বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২০ ঘ.