২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৮ দলীয় জোটের বিক্ষোভ

রোববার অবরোধ কর্মসূচি পালনের সময় জোটের নেতাকর্মীদের ওপর কথিত হামলার প্রতিবাদে ও মঙ্গলবারের হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

”ট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার অবরোধ কর্মসূচি পালনের সময় জোটের নেতাকর্মীদের ওপর কথিত হামলার প্রতিবাদে ও মঙ্গলবারের হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সোমবার নগরীর নাসিমন ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। ১৮ দলের অবরোধ কর্মসূচিতে সরকারের হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রোববার দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ অবরোধে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ অস্ত্র নিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, “অতীতেও কোনো সরকার সন্ত্রাসী দিয়ে কোনো আন্দোলন দমাতে পারে নি, তেমনি আওয়ামী লীগও পারবে না।“ আমির খসরু এও দাবি করেন, রোববারের অবরোধের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অবরুদ্ধ হয়ে গেছে। তার পাশে বর্তমানে কেউ নেই। রোকেয়া দিবসের আলোচনা সভায় শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমিও একমত- ডিসেম্বর মাস বিজয়ের মাস। “এই বিজয়ের মাসেই স্বৈরাচারের পতন হয়েছিল। এ ডিসেম্বর মাস মানুষের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সরকার অপসারণের জন্য উৎকৃষ্ট মাস।” তিনি আরো উল্লেখ করেন যে, একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু পারে নি। শেখ হাসিনাও পারবেন না। বিক্ষোভ সমাবেশে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশ শুরুর পর বিকাল সোয়া চারটার দিকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় ছাত্র শিবির। মিছিলে তারা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। সমাবেশে নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম অভিযোগ করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু সাঈদীর পক্ষে কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় নি। যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালকে ‘অবৈধ’ অখ্যায়িত করে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ট্রাইব্যুনালের বিরুদ্ধে পত্রিকায় লেখার জন্য ধন্যবাদ জানান। তিনি যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন। সমাবেশে নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, খালেদা জিয়ার উপদেষ্ঠা মীর নাছির, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাংসদ রোজী কবির, নগর এলডিপি’র সাধারণ সম্পাদক শওকত ওসমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৮৪৩ ঘ.