২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনের সমাবেশ স্থগিত, মিছিল করবে বিএনপি

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের অনুমতি না পেয়ে কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অনুমতি না পেয়ে নয়া পল্টনে বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে বিএনপি। এর বদলে বিকালে রাজধানীর থানায় থানায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে বলে জানিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে এক ‘জরুরি’ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, “আজ সমাবেশের জন্য আমরা বরাবরের মতো মহানগর পুলিশের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। তারা (ডিএমপি) তা গ্রহণ করেছে। কিন্তু মহানগর পুলিশ জানিয়েছে- সমাবেশ করতে দেয়া হবে না।” অস্থায়ী সমাবেশ মঞ্চের জন্য ভাড়া করা ট্রাক ও মাইক পুলিশ নিয়ে গেছে বলেও জানান তিনি। ফখরুল বলেন, “এই পরিপ্রেক্ষিতে নয়া পল্টনে সমাবেশ স্থগিত করে আন্দোলনের কৌশল হিসেবে থানায় থানায় সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।” রোববারের অবরোধ কর্মসূচিতে পুলিশ ও সরকার সমর্থকদের ‘হামলা, হত্যা ও নির্যাতনের’ প্রতিবাদে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল সাড়ে ৩টায় এ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ স্থগিত হওয়ার আগেই বিএনপি কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ফখরুল অভিযোগ করেন, কর্মীরা কার্যালয়ের প্রবেশ করতে গেলে পুলিশ গ্রেপ্তার করছে। মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবসহ অন্তত ১৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও তিনি দাবি করেন। মির্জা ফখরুল বলেন, “আমরা যাতে সমাবেশ করতে না পারি, সেজন্য পুলিশ সকাল থেকে কার্যালয় সামনে অবস্থান নিয়ে নেতা-কর্মীদের অপদস্ত করছে। অনেককে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা পুলিশের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।” একইসঙ্গে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান এই বিএনপি নেতা। অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, মোস্তাফিজুর রহমান বাবুল, বেলাল আহমেদ, আবদুল আউয়াল খান ও পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৪৫ ঘ.