২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভাঙচুর-হামলা, গ্রেপ্তার ৩৫

বিক্ষিপ্ত ভাঙচুর ও চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষিপ্ত ভাঙচুর ও চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। মঙ্গলবার হরতাল চলাকালে নগরীতে ১২ জনসহ জেলার বিভিন্ন থানায় ৩৫ জামায়াত ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল থেকেই শিবিরকর্মীরা নগরীর রাজাখালী, চকবাজার, নাসিরাবাদ, বন্দর, মাঝিরঘাট, স্টেশন রোড, রেয়াজউদ্দিন বাজার এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে। এ ছাড়া রাজাখালী, এনায়েত বাজার মোড়, কাজীর দেউরী, চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা, টেম্পো ও বাসের কাচ ভাঙচুর করে হরতাল সমর্থকরা। সীতাকু-ে একটি ট্যাঙ্ক লরিতে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। নগরীতে গ্রেপ্তারদের মধ্যে মাঝিরঘাট থেকে দুই জন, বাকলিয়া এলাকা থেকে চার জন, নাসিরাবাদ থেকে দুই জন, বায়েজিদ থেকে এক জন, পতেঙ্গায় দুই ও বন্দর এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সিমেন্টক্রসিং এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে এক জনকে হাতেনাতে গ্রেপ্তারসহ পতেঙ্গা ও বন্দর থানা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সকালে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে বাকলিয়া থানায় চার জন এবং কোতোয়োলি থানা পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে বলে জানান নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (কোতোয়ালি) আবদুল মান্নান। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল জানান, নগরীর মাঝিরঘাটে সকাল সাড়ে দশটার দিকে হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টাকালে দুই শিবিরকর্মীকে আটক করা হয়। তিনি আরো জানান, দুপুরে হালিশহর থানাধীন ঈদগাঁও এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিন চারটি ট্রাকের গ¬াস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। সকালে খুলশী এক নম্বর রোড এলাকায় শিবির কর্মীরা খুলশী থানার ওসির গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ওসি আক্তার হোসেন জানান, বাঁশখালীর গুনাগরীতে পিকেটিং করার সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর শহীদুল মোস্তাফাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। লোহাগাড়া এলাকায় পিকেটিংয়ের চেষ্টাকালে নয় শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি মো. শাহজাহান। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, উপজেলার জোরারগঞ্জ ও বারৈয়ার হাট এলাকায় গাড়ি ভাঙচুরের সময় ছয় শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদিকে, সীতাকু-ের পন্থিছিলা এলাকায় তেলের লরিতে আগুন দেয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি সামিউল আলম। চট্টগ্রাম-বান্দরবান সড়কের কেরানী হাট চেয়ারম্যান পাড়া এলাকায় গাড়ি ভাঙার সময় তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল। শিবিরের ডাকা হরতালে সকাল থেকেই নগরীতে রিকশা, সিএনজি অটো রিকশা ছাড়া ভারি যানবাহন চলতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। অন্যদিকে চট্টগ্রাম বন্দরেও পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/২০৩০ ঘ.