ঢাকা, ডিসেম্বর ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙ্গা, যিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মঙ্গলবার রাঙ্গাকে এই দায়িত্ব দিয়েছেন বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বুধবার জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ ছাড়া জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের রংপুর জেলা ও মহানগর কমিটির ঘোষণাও একই দিন আসবে।
এর আগে গত ৬ নভেম্বর এরশাদ দলীয় মেয়র প্রার্থী হিসাবে রাঙ্গাকে সমর্থন দিলেও গত ২৯ নভেম্বর তা প্রত্যাহর করে নেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রাঙ্গার সঙ্গে জাতীয় পার্টির আব্দুর রউফ মানিক এবং মোস্তাফিজুর রহমান মোস্তফাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০০২ ঘ.
bdnews24