সিলেট/শাবি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন-সংগ্রামে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও এখন সেখানে পচন ধরেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলনে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, একসময় ছাত্র রাজনীতির প্রধান বিষয় ছিল ত্যাগ। এখন সে জায়গায় এসেছে টেন্ডারবাজি।
ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বারোপ করে মুহিত বলেন, বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন হয় না। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র রাজনীতির সূচনা হলেও এখন সেখানে মেধার কোনো মূল্য নেই।
যুদ্ধাপরাধের দায়ে আটক প্রধান অভিযুক্তদের বিচার কয়েক মাসের মধ্যেই শেষ হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা এ সরকারের প্রধান কৃতিত্ব।
সরকারের চার বছরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত বলেই সরকারি দল নির্বাচনে হেরেছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে। বিরোধী দল সংসদে না গেলেও সংসদীয় কমিটিতে বিরোধীদলের সদস্যদের সুপারিশ সরকার গ্রহণ করে আসছে বলে জানান অর্থমন্ত্রী।
শবিপ্রবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুনেচ্ছা হক, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আশফাক আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১১ ঘ.
bdnews24