ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ট্রেন ও লঞ্চ চলছে স্বাভাবিক, তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় কম চলাচল করছে দূরপাল্লার বাস।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. খায়রুল বশির দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের শিডিউলে হরতালের কোনো প্রভাব পড়েনি। প্রতিটি ট্রেন সময় মতো স্টেশন ছেড়েছে ও ঢাকায় পৌঁছেছে।”
এদিকে বাস চলাচল কম থাকায় কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারগুলোতে বেশ ভিড় দেখা যায়। টিকেটের জন্য দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন রুটের যাত্রীদের।
মো. আরশাদ টাঙ্গাইলগামী ট্রেনের টিকিট করতে এসে পাননি বলে জানান।
বিআইডব্লিউটিএ এর জ্যেষ্ঠ উপ পরিচালক (ট্রাফিক) সাইফুল হক খান জানান, লঞ্চে যাত্রী সংখ্যা কম হলেও স্বাভাবিকভাবেই বিভিন্ন রুট থেকে লঞ্চ সকালে এসে ঘাটে ভিড়েছে এবং ছেড়ে গেছে।
তিনি বলেন, হরতালে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলে সকাল ১১টা পর্যন্ত ১০টি লঞ্চ ছেড়ে যায়। দক্ষিণাঞ্চল থেকে ফিরেছে প্রায় ২০টি।
এদিকে হরতালের কারণে যাত্রী কম থাকায় রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কম। আর রাজধানীর প্রধান সড়কগুলোতে সকালে বাস চলাচল কম করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
এছাড়া রিকশা, সিএনজি অটোরিকশা ছাড়াও ব্যক্তি মালিকানাধীন যানবাহন চলতে দেখা গেছে হরতালের মধ্যেও।
সায়েদাবাদে হোমনা সুপার সার্ভিসের ম্যানেজার মো. চান মিয়া জানান, এখান থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রুটে ১০/১২টি বাস ছেড়ে গেছে।
চট্টগ্রাম থেকে আসা এস আলম সার্ভিসের যাত্রীরা জানান, রাত দেড়টায় চট্টগ্রাম থেকে তাদের বাস ছাড়ে। কুমিল্লা ও চান্দিনায় ভোরের দিকে রাস্তায় ছোটো ছোটো গাছের ঢালা পড়ে থাকতে দেখা গেলেও বড় কোনো সমস্যার সম্মুখীন হননি তারা।
গাবতলীতে সোহাগ কাউন্টারের কর্মী মো. সুজন জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিভিন্ন রুটে তাদের বাস চলাচল শুরু হবে।
যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষনেতাদের মুক্তি এবং সমাবেশের অনুমতি না দেয়াসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সোমবার দুপুরে এই হরতাল ডাকে। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জিএম/এমএইচসি/আরএ/১৪০০ ঘ.
bdnews24