২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষ

রাজশাহী নগরীতে শনিবার জামায়াত ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে শনিবার জামায়াত ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একইদিন রাণীবাজার এলাকা থেকেও আট শিবিরকর্মীকে আটক করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে লক্ষ্মীপুর, ঝাউতলা ও দাসপুকুর বাইপাস এলাকায় হঠাৎ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে জয়পুরহাটে শিবিরকর্মীর মৃত্যুর প্রতিবাদে স্লোগান দিতে থাকে। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের এক সদস্যও আহত হন বলে তিনি জানান। বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে পুলিশ রাণীবাজার এলাকা থেকে আট শিবিরকর্মীকে আটক করেছে। তিনি বলেন, সম্ভাব্য নাশকতা এড়াতে পুরো নগরীতে পুলিশের চিরুনী অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.