২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলন চাঙ্গা করতে লাশ দরকার হয়েছিল’

নব্বইয়ের ‘স্বৈরাচারবিরোধী’ আন্দোলনের সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে শহীদ নূর হোসেন দিবসে এই মন্তব্য করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ নূর হোসেন দিবসে সাবেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আন্দোলন চাঙ্গা করতে নব্বইয়ের দশকে অনেক লাশ সৃষ্টি করেছিল তখনকার বিরোধী দল। শিগগিরই ঢাকায় সমাবেশ করে মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি আয়োজিত ‘গণতন্ত্র দিবসের’ আলোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান এরশাদ বলেন, “আন্দোলন চাঙ্গা করতে লাশের প্রয়োজনীয়তা তখন দেখা দিয়েছিল। আপনারা লাশ সৃষ্টি করেছেন। লাশ পড়লে সরকারের লাভ হয় না। লাভ হয় আন্দোলনের উদ্যোক্তাদের।” “তারপর গণতান্ত্রিক আমলে কত নূর হোসেন মারা গেল... গাইবান্ধায়, কানসাটে, ২১ আগস্টে, উদীচীর সম্মেলনে। কিন্তু কোনো দিবস হলো না।” জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব দিবস পালন করা হবে বলেও উল্লেখ করেন এরশাদ। তিনি বলেন, “তারপরও জেল থেকে বের হবার পর আমি নূর হোসেনের বাবার কাছে গিয়েছিলাম। আমি তাকে বলেছি তোমার ছেলে মারা গেছে বলে আমি দুঃখিত।” ‘স্বৈরাচার’ এরশাদ সরকারের পতন ঘটাতে ঊনিশশ নব্বইয়ের দশকে যুগপৎ আন্দোলনে নামে এখনকার দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। ওই আন্দোলন চলাকালে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন যুবলীগের কর্মী নূর হোসেন। সেদিন তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। তার সেই আত্মত্যাগের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হতে থাকলে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়। এরপর থেকে প্রতি বছর ১০ নভেম্বর ‘নূর হোসেন দিবস’ হিসাবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। অন্যদিকে জাতীয় পার্টি গত কয়েক বছর ধরে দিনটিকে পালন করছে ‘গণতন্ত্র দিবস’ হিসাবে। এই অনুষ্ঠানের এক পর্যায়ে এরশাদ বলেন, “লাঙলের বাক্স খুলবে। এখন কেউ আমাকে নয় বছরের স্বৈরশাসক বলতে পারবে না।” জাতীয় পার্টি আগামী সরকার গঠনের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন দলটির চেয়ারম্যান। এরশাদ জানান, দ্রুত তিনি সাতটি বিভাগ সফর করবেন, সময় থাকলে জেলায় জেলায় যাবেন। তারপর ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন। “মানুষ পরিত্রাণ চায়, মানুষ বাঁচতে চায়। এখন জাতীয় পার্টির সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা আমরা হেলায় হারাতে পারি না”, বলেন তিনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, “আমি জানি, সকলের মনে প্রশ্ন, কখন বেরিয়ে আসব মহাজোট থেকে। অল্প সময়ের মধ্যেই ঢাকায় ৫ লাখ লোকের সমাবেশ করব। তখন এ প্রশ্নের জবাব দেব।” নব্বইয়ের পরের সরকারগুলোকে ‘তথাকথিত গণতান্ত্রিক সরকার’ আখ্যায়িত করে বর্তমান সরকারের অন্যতম শরিক এরশাদ বলেন, “তথাকথিত গণতান্ত্রিক সরকারের আমলে সৃষ্টি হয়েছে শুধু কলঙ্কের দিবস। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার কেলেঙ্কারি, ডেসটিনি কেলেঙ্কারি- প্রতিদিন একটার পর একটা করে কলঙ্ক সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব কলঙ্ক দিবসও পালন করা হবে।” দেশে এখনো ‘সত্যিকারের গণতন্ত্র আসেনি’ মন্তব্য করে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেন, “একমাত্র জাতীয় পার্টিই সেই গণতন্ত্র উপহার দিতে পারে।” তার ভাষায়, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই সবচেয়ে বড় গণতন্ত্র। আর জাতীয় পার্টির পর এই ধারাবাহিকতা আর কোনো সরকার বজায় রাখতে পারে নি। অন্যদের মধ্যে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/১৬৩৪ ঘ.