২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের জন্য প্রস্তুত থাকুন: খালেদা

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘তথ্য-প্রমাণসহ’ বর্তমান সরকারের ‘অন্যায়ের’ বিচার করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘তথ্য-প্রমাণসহ’ বর্তমান সরকারের ‘অন্যায়ের’ বিচার করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধপল্লী পরিদর্শনে কক্সবাজারের রামু যাওয়ার পথে শনিবার দুপুরে চকোরিয়া বাসস্ট্যা-ে এক পথ সভায় বিরোধী দলীয় নেতা বলেন, “বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে মিথ্যা মামলা দেব না। তথ্য-প্রমাণসহ মামলা দিয়ে প্রচলিত আইনে বিচার করব। এজন্য আপনারা প্রস্তুত থাকুন।” নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, “মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের আপনি কারাগারে নিচ্ছেন। কিন্তু আপনি যে গান পাউডার দিয়ে, লগি-বৈঠার মাধ্যমে মানুষ হত্যার হুকুম দিয়েছেন- সেই রেকর্ড কিন্তু আছে। তা থেকে আপনি কীভাবে রেহাই পাবেন?” দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর খারাপ’ হিসাবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ অবস্থা থেকে উত্তরণে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ‘চিরতরে’ বিদায় করতে হবে। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দবিতে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবার সমর্থন চান তিনি। চকোরিয়ায় ৪০ মিনিটের বক্তৃতায় সাবেক এই প্রধানমন্ত্রী দেশের ‘বর্তমান অবস্থা, দুর্নীতি, ব্যর্থতা ও অপশাসনের’ চিত্র তুলে ধরেন। ২০১৪ সালের সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হবে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা ক্ষমতার জোরে ব্যালটে সিল মেরে বাক্সে ভোট ঢুকিয়েছে। এদের অধীনে কখনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “সংসদে নির্দলীয় সরকার বিল পাস করে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই দাবি মানতে বাধ্য করা হবে। তখন সরকারের জন্য তা কঠিন সময় হবে।” রামুর বৌদ্ধ মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগ ও যুব লীগকে দায়ী করেন তিনি। ফেইসবুকে কোরআনের অবমাননার অভিযোগ তুলে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা চালায় উগ্রপন্থীরা। ওই হামলায় বেশ কিছু বৌদ্ধ ও হিন্দু মন্দির ও বসতবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বর্তমান সরকারকে ‘বিশ্বচোর’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, “এই সরকারের আমলে বিদেশিরা বিনিয়োগ করতে চায় না। কল-কারখানা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ-গ্যাস নেই। বিদ্যুতের মূল্য ছয় দফা বাড়ানো হয়েছে।” হলমার্ক ও ডেসটিনির অর্থ কেলেঙ্কারির মাধ্যমে সরকার বিদেশে অর্থপাচার করেছে বলেও তিনি অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, “এসব ঘটনায় কোনো বিচার হয়নি। কাউকে ধরা হয়নি, জামাইয়ের আদরে রাখা হয়েছে। কারণ এসব ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবার ও মন্ত্রীদের পরিবার জড়িত।” চকোরিয়া অঞ্চলে লবণচাষীদের ‘দুরাবস্থায়’ সহমর্মিতা প্রকাশ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “বর্তমান সরকারের ভ্রান্তনীতির কারণে লবণচাষীরা তাদের পণ্যের মূল্য পাচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে লবণ চাষীদের ন্যায্য মূল্য নির্ধারণ করব।” ২০০১-০৬ সালে বিএনপির শাসনামলে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আগামীতে ক্ষমতায় গেলে কেবল রাজধানী ও বড় বড় শহর নয়, গ্রামাঞ্চলেও উন্নয়ন করা হবে।” চট্টগ্রাম সার্কিট হাউজে রাত কাটানোর পর শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বসতি পরিদর্শনে যাওয়ার আগে দুপুর দেড়টায় চকোরিয়ার এই পথসভায় বক্তব্য দেন তিনি। চট্টগ্রাম থেকে চকোরিয়া পর্যন্ত একশ’ কিলোমিটার পথে পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়াসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। দীর্ঘ সময় পর এই অঞ্চলে খালেদা জিয়ার আগমনে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ডিজিটাল ব্যানার ফেস্টুন, পোস্টার নিয়ে আনন্দ উল্লাস করে নেতাকর্মীরা এ সময় এক উৎসবের পরিবেশ সৃষ্টি করেন। আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানারও এ সময় কারো কারো হাতে দেখা যায়। স্থানীয় সাংসদ হাসিনা আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য দেন। চকোরিয়া থেকে দুপুর আড়াইটায় রামুর উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। সেখানে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন শেষে একটি সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার। কক্সবাজার সার্কিট হাউজে রাত কাটিয়ে রোববার সকালে উখিয়ার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও বিহার পরিদর্শন করবেন বিরোধী দলীয় নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০১ ঘ.