ফেনী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সফরের পর ফেনী সার্কিট হাউজের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি মেজবাহ উদ্দিনসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ফেনী থানার উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন শনিবার দুপুরে এই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতপরিচয় হিসাবে দেখিয়েছেন। শুক্রবার রাতে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার ওসি মো. মাইনুল আবসার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শক্রবার কক্সবাজারের রামু যাওয়ার পথে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন। রাত সোয়া ১০টার দিকে তিনি সার্কিট হাউজ ছাড়ার কিছুক্ষণ পর ফটকের সামনে ৫/৬টি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয়।
এতে ফেনী থানার এসআই নাজিম উদ্দিনসহ অন্তত ৫ জন আহত হন বলে ওসি জানান।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে গুলজার হোসেন মারুফ (২৪) ও সাজ্জাদ হোসেন শিপন (২৮) নামে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই নাজিম উদ্দিনের দায়ের করা মামলায় জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি মেজবাহউদ্দিন ছাড়াও ইসমাইল চৌধুরী, ফরিদ, আবসার, ডলার, সাজ্জাদ হোসেন, রিপন, গুলজার হোসেন মারুফ, কালু, মিন্টু, আরিফ, খুরশিদ, কাবুল হোসেন মেম্বার, টিপু, দুলাল, দোলন, ইমাম হোসেন মিসকিনসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24