২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সোচ্চার হন’

‘কুচক্রী’ মহল দেশের শান্তি বিনষ্ট করতে চায় উল্লেখ করে দেশবাসীকে ‘সজাগ’ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে শুক্রবার বিকালে কঠিন চীবর দান এবং আন্তর্জাতিক শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “কিছু কিছু কুচক্রী মহল দেশের শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।” “যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে”, যোগ করেন সরকার প্রধান। শান্তির প্রতি বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংবিধানে সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি অনুসরণ করেই সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশে পরিণত করতে চায় বলে তিনি জানান। “এ দেশ সবার। সবার সর্বত্র সমান অধিকার। সবাই দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে।” ক’দিন আগে অল্প সময়ের মধ্যে দুর্গাপূজা, ঈদ এবং প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “সব স¤প্রদায়ের মানুষ এসব উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। আমরা বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার।” বৌদ্ধবিহার সংরক্ষণে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মেরুল বাড্ডা বৌদ্ধবিহার, চট্টগ্রাম বৌদ্ধবিহার সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকার উত্তরায় বৌদ্ধ বিহারের জন্য জায়গা দিয়েছে। অনুষ্ঠানে ধর্মরাজিক বৌদ্ধ বিহারের জন্য সাত কাঠা জমির দলিল প্রধানমন্ত্রী সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের আগে, প্রধানমন্ত্রী থাইল্যান্ডের দি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টের মহাসচিব ফালপ থাইয়ারি এবং বাংলাদেশের চিত্তরঞ্জন দাশ ও এম কে বাশারের হাতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পদক তুলে দেন। এরপর দি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি সম্মাননা দেয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে এই স্বর্ণপদকটি তুলে দেন, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, থাইল্যান্ডের দি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টের মহাসচিব ফালপ থাইয়ারি, সিঙ্গাপুরের মহা মঙ্গল বিহারের চেয়ারম্যান লিম আহ সোয়ান, মঙ্গোলিয়ার খমবো লামা দামবাজাভ, চায়না বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চুন য়ি এবং ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। এর আগে, পবিত্র কোরআন, গীতা, বাইবেল এবং ত্রিপিঠক পাঠের পর উদ্বোধনী সংগীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এই শান্তি সম্মেলনের কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৯৩১ ঘ.