২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের শ্যালকসহ জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের শ্যালকসহ জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শেরপুরের গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

শেরপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের শ্যালকসহ জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শেরপুরের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকার একটি ধানের চাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, বই ও জামায়াতের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কামারুজ্জামানের শ্যালক শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লার বাসিন্দা মো. আবুল কালাম আজাদ (৫৫), চর শেরপুর এলাকার ডা. শরাফত আলীর ছেলে জামায়াত নেতা সারোয়ার আলম লাভলু (৪০), কালিগঞ্জ এলাকার আব্দুল হামিদের ছেলে মো. হাছানুজ্জামান (৩৪) ও নকলা উপজেলা জামায়াতের নেতা বারমাইস্যা এলাকার টেপু মামুদের ছেলে বাবর আলী মাস্টার (৫৫)। শেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলা বাধাগ্রস্ত করতে গোপন বৈঠক করার সময় কামারুজ্জামানের শ্যালকসহ জামায়াতের ওই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৪৯ ঘ.