কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার ভয়ে সরকার রামুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করেনি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনের পর এক সম্প্রীতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
খালেদা বলেণ, “আমি স্পষ্টভাষায় বলতে চাই, রামুর বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় সরকারি দল জড়িত। তাদের এখন মায়াকান্না ও বেড়াল কান্না করে লাভ হবে না। অপরাধীদের ধরুন, শাস্তি দিন।’’
নইলে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এর বিচার করে অপরাধীদের শাস্তি দেবে বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায় উগ্রপন্থীরা।
ওই হামলার ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে একটি ‘তদন্ত কমিটি’ গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে ওই কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় ওই হামলা ঠেকাতে সরকারের পরোক্ষ ইন্ধন ছিল।
চকোরিয়া থেকে বিকাল সাড়ে তিনটার দিকে রামু পৌঁছেই বিরোধী দলীয় নেতা সরাসরি পাঁচশ’ বছরে পুরনো ক্ষতিগ্রস্ত সীমা বৌদ্ধ বিহারে যান। বিহারের পুরোহিতদের কাছ থেকে তিনি ওই সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার বিবরণ শুনেন। বিরোধী দলীয় নেতাকে ক্ষতিগ্রস্ত বিহার ঘুরিয়ে দেখানো হয়।
সম্প্রীতি সমাবেশে বিএনপি‘র নেতা-কর্মীরা ছাড়াও বৌদ্ধ ভিক্ষু, চাকমা, রাখাইন প্রতিনিধিসহ বিভিন্ন সম্প্রদায়ের সহা¯্রাধিক প্রতিনিধি অংশ নেন।
এতে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য অনুসরণ করে খালেদার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
৩৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের কথিত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।
খালেদা জিয়া দেশে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেন।
সেপ্টেম্বরের সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীর তদন্ত কমিটি গঠনের বিরোধী দলের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকার থলের বিড়াল বেরিয়ে আসবে বলেই নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেনি। কারণ, ওই কমিটি গঠন করলে হামলার সঙ্গে যে আওয়ামী লীগ জড়িত তা বেরিয়ে আসবে।”
এ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা উল্লেখ করেন যে, কয়েকশ’ বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে হামলা, সেখানকার প্রতœতাত্ত্বিক নিদর্শন লুটের দুই মাস পরও কিছুই হয়নি। ক্ষতিগ্রস্ত কোনো মন্দির পুনঃনির্মাণ হয়নি।
“বরং রামুতে যেন আমরা না আসতে পারি সেজন্য গতকাল (শুক্রবার) রাতে ফেনী সার্কিট হাউজের সামনে ক্ষমতাসীন দলের গডফাদারের নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ভয় দেখানো হয়েছে,” এমন দাবিও করেন তিনি।
রামুর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ‘নির্লিপ্ততার’ অভিযোগ তুলে খালেদা দাবি করেন, ঘটনাস্থলের দুইশ’ গজের মধ্যে থানা ও সেনা ছাউনি থাকা সত্ত্বেও প্রশাসন এগিয়ে আসেনি। আসলে তাদের কোনো দোষ নেই। সরকারের নির্দেশ না থাকায় তারা নিশ্চুপ ছিলো।
‘নির্দলীয় সরকারের দাবি মেনে নিন’
বিএনপি চেয়ারপারসন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ খোলা আছে।
একটি হলো, সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়া। অন্যটি হলো, আন্দোলনের চাপে ক্ষমতা ছেড়ে দেয়া।
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি
খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, তিনি নিজেই তার সব মামলা প্রত্যাহার করে নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক নতুন মামলা দিচ্ছেন।
“লগি-বৈঠা দিয়ে ও গান পাউডার দিয়ে মানুষ হত্যার যে নির্দেশ আপনি দিয়েছেন, তিনি কিভাবে রেহাই পাবেন। কাজেই সাবধান হোন, শুধু অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দেবেন, জেলে পাঠাবেন, তার পরিণতি ভালো হবে না।’’
রামু খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্প্রীতি সমাবেশে রামু ছাড়াও চকোরিয়া ও কক্সবাজার থেকেও নেতা-কর্মীরা যোগ দেন।
স্থানীয় থানা সভাপতি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি এম মোরশেদ খান, স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজল, অধ্যাপক সুকোমল বড়–য়া, রাজ, রামকোট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবন্দা মহাস্থবিরসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
পরে বিরোধী দলীয় নেতা কক্সবাজারের সার্কিট হাউজে যান। সেখানে তিনি রাত্রিযাপন করে রোববার সকালে উখিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24