২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন করে দাবি মানানো হবে: ফখরুল

বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে ছাত্রদলের এক শোভাযাত্রার আগে তিনি বলেন, সরকার জনগণের মৌলিক অধিকার খর্ব করেছে। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না। নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে তারা গোটা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। “তাই আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।” সরকারের ‘ব্যর্থতা ও অযোগ্যতার’ কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসের কারণে সারাদেশের শিক্ষাঙ্গনে পরিবেশ বিনষ্ট হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এ রকম অবস্থায় সবাইকে আজ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জেগে উঠতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে শপথ নিতে হবে।” প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের ‘কটূক্তির’ জবাবে মির্জা ফখরুল বলেন, “যারা জিয়াকে গালিগালাজ করেন, তাদের বলতে চাই- আগে আয়নায় নিজের চেহারা দেখুন। একাত্তরে জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না। একইভাবে পঁচাত্তরের ৭ নভেম্বর জিয়া না থাকলে দেশের স্বাধীনতাও রক্ষা পেত না।” ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে শেষ হয় শোভাযাত্রাটি। নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন, বেলুন, উৎসব পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রদলের কর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় পল্টন থেকে মগবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভূঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী বাবু, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৯০৬ ঘ.