ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের ‘নিখোঁজ’ সাক্ষী সুখরঞ্জন বালীকে ২৪ ঘণ্টায় হাজির করতে সরকারের প্রতি নির্দেশ চেয়ে হাই কোর্টে আবেদন হয়েছে।
সুখরঞ্জন ‘নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এই রিট আবেদন করেন তার বন্ধু আবুল কালাম আজাদ।
আবেদনটি আদালতের বুধবারের কার্যতালিকার শুনানির জন্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার শুনানির দিন ঠিক হয়েছে।
সুখরঞ্জন বালী গত সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আদালতের ফটক থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে সাঈদীর আইনজীবীদের অভিযোগ।
সুখরঞ্জনকে ‘তুলে নেয়া’ নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বেশ হৈ চৈ করেন সাঈদীর আইনজীবীরা। এজন্য কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে ট্রাইব্যুনাল।
রিটে আবেদনে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকার জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা শাখা), শাহবাগ ওসিকে বিবাদী করা হয়েছে।
তাদের হেফাজতেই সুখরঞ্জন রয়েছেন বলে আবুল কালাম আজাদের দাবি। তার পক্ষে আদালতে আইনজীবী ছিলেন মো. তাজুল ইসলাম।
দুপুরের পর আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানি জন্য আদালতে দাঁড়ান। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান সময় প্রার্থনা করেন।
তিনি বলেন, এই মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করতে চান।
তার আবেদনে আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে। ওই দিন এই আবেদন কার্যতালিকার শীর্ষে থাকবে বলেও আদালত জানায়।
সোমবার সুখরঞ্জনকে ‘তুলে নেয়ার’র পর আসামি পক্ষের আবেদনে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটারকে ঘটনাটি খতিয়ে দেখতে বলেন বিচারকরা।
প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপু তখন ট্রাইব্যুনালকে জানান, তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন, এই ধরনের কোনো ঘটনা তাকে কেউ জানাতে পারেননি।
অন্যদিকে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলামের দাবি, সুখরঞ্জন তার গাড়িতে চড়ে ট্রাইব্যুনালে যাওয়ার সময় ফটকে প্রায় ১৫ জন পুলিশের সামনে ‘সাদা পোশাকধারী লোকেরা’ তাকে তুলে নিয়ে যায়।
এর প্রমাণ হিসেবে ‘পুলিশ’ লেখা একটি গাড়ির ভেতরে সুখরঞ্জনের বসে থাকার ছবিও রয়েছে বলে দাবি করেন ওই আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24